ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠের চারিদিকে কাঠের মঞ্চ তৈরি করা হয়েছে চিয়ার গার্লরা নাচবেন বলে। আরেকটি মঞ্চে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে সাউন্ড বক্স। দেখে মনে হবে কনসার্ট কিম্বা স্টেজ শো হবে মিরপূর স্টেডিয়ামে। আসলে তেমন কিছু নয়। বিগবস টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমপূর্ণ অনুষ্ঠানের জন্যই বাহারি স্টেজ গড়েছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি।
দু'পুর একটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেই সঙ্গীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। এ সব কিছুই ঘরোয়া ক্রিকেটে দর্শক আকৃষ্ট করতে। এত কিছুর পরেও টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক সমাগম নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ, উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে লিগ কমিটি প্রচারের তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে বার্তাটিও পৌঁছেনি মানষের কাছে।
উদ্বোধনী অনুষ্ঠান যেমনই হোক না কেন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখে দর্শকরা আনন্দ পাবেন বলে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আশা। মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান খেলবে ভিক্টোরিয়ার বিপক্ষে। উদ্বোধনী দিনে পাঁচটি ম্যাচ থাকলেও দু'টি ম্যাচকে ঘিরেই আগ্রহ বেশি। সন্ধ্যা সাড়ে ছয়টায় দিবারাত্রির ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১০ ঘ.
bdnews24