২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়

একদিনের ক্রিকেটে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে আগেও হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। খোদ ইংল্যান্ডের মাটিতেই একদিনের সিরিজ জিতে এসেছিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ইংল্যান্ড অনূর্র্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে একদিনের সিরিজের প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ক্রিকেটে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে আগেও হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। খোদ ইংল্যান্ডের মাটিতেই একদিনের সিরিজ জিতে এসেছিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ইংল্যান্ড অনূর্র্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে একদিনের সিরিজের প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছে তারা। টস জিতে ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটি ভাঙ্গে ৬ রানে। চতুর্থ ওভারের প্রথম বলে রান-আউট হন জো রুট। তিন নম্বরে ব্যাট করতে নেমে আতিক জাভিদও সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ৪ রানে আরমানের বলে ক্যাচ তুলে বিদায় নেন। অবশ্য এরপরই পরিস্থিতি বদলে দেয় তিন ব্যাটসম্যানের অর্ধশতক। তিনটি অর্ধশতক মিলিয়ে শেষ পর্যন্ত সম্মানজক স্কোরই পায় ইংল্যান্ড। চার নম্বর ব্যাটসম্যান বেন স্টোকস ৫৩, মিডল অর্ডারে আজিম রফিক ৫১ এবং পল বেস্ট ৫৭ রান করায় ইনিংস শেষ হয় ২১৩'তে। শেষ বলে আউট হন বেস্ট। সাব্বির হোসেন ৩টি ও আরমান বাদশা ২ উইকেট নেন। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১ রানে প্যাভিলিয়নে ফেরেন এনামুল হক। ১৮ রানের মধ্যে আরো দুই ব্যাটসম্যানের বিদায় বিপর্যয়ের শঙ্কা বাড়িয়ে দেয়। কিন্তু চার নম্বর ব্যাটসম্যান মাহমুদুল হক শেষ পর্যন্ত টিকে থাকায় ৪৬ ওভারেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও তাকে সঙ্গ দিতে এসে কেউই বড় স্কোর পাননি। দিন শেষে মাহমুদুল হকের স্কোরটাই আলো ছড়াচ্ছিল। ১১১ বল খেলে ৯৩ রান করেন স্বাগতিক দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান। অধিনায়ক মাহমুদুল হাসান ২৬, সাব্বির রহমান ২৬ ও এনামুল হোসাইন করেন ২৪ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০০২ ঘ.