২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ পত্র জমা দিলেন ইউনিস খান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হার মেনে নিতে পারেননি সে দেশের রাজনীতিকরা। ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলেন তারা। এরই প্রতিবাদে পদত্যাগ পত্র জমা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইউনিস খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

করাচি, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হার মেনে নিতে পারেননি সে দেশের রাজনীতিকরা। ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলেন তারা। এরই প্রতিবাদে পদত্যাগ পত্র জমা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইউনিস খান। ক্রীড়া বিষয়ক জাতীয় পরিষদের স্থায়ী কমিটিতে মঙ্গলবার শুনানি চলার সময় ইউনিস খান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট ইজাজ বাটের কাছে পদত্যাগ পত্র জমা দেন। তবে তা গ্রহণ করা হয়েছে কিনা, বাট তা জানাননি। কেবল বলেন, এ ব্যাপারে তিনি ইউনিসের সঙ্গে কথা-বার্তা বলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের পারফরম্যান্স খতিয়ে দেখার জন্য এই শুনানির আয়োজন করা হয়। এর আগে জাতীয় পরিষদ কমিটির চেয়ারম্যান জামশেদ দাস্তি টেলিভিশনে বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের ইচ্ছা করে হারার তথ্য-প্রমাণ তার কাছে আছে। সে সময় পিসিবিতে পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। তখন ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় ইউনিস বলেছিলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ তোলা খুবই হতাশাজনক ব্যাপার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দু'টি তদন্ত করছে। পাকিস্তান ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন কিছু নয়। এ অভিযোগে সাবেক অধিনায়ক সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারকে শাস্তি দেয়ার নজির রয়েছে। এছাড়া ১৯৯৯-এর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর থেকে নিজেদের দেশে পাকিস্তানি ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্ন ওঠার ঘটনাও ঘটেছে অনেকবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৫২ ঘ. .