লাহোর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আঙ্গুলে চোট নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলেছিলেন পাকিস্তান অধিনায়ক ইউনিস খান। নিউজিল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারীর ক্যাচ ফেলে দিয়ে প্রচণ্ড সমালোচনার কবলে পড়েন তিনি। এখন সেই চোট সেরে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে মাঠে নামার মতো অবস্থায় পৌঁছেছেন কিনা, তা নিয়ে কথা বলবেন ইজাজ বাটের সঙ্গে। কেননা নিজের অবস্থা সম্পর্কে ইউনিসই সব চেয়ে ভালো জানেন বলে যুক্তি দেন পিসিবি'র চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারী।
পাকিস্তানস নিউজকে ওয়াসিম বারী বলেন, "আগামী সপ্তাহে ইউনিস আমাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর আমরা সিদ্ধান্ত নেব নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলবেন কিনা।"
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড ব্যাটসম্যান গ্র্যান্ট এলিয়টের ক্যাচ ফেলে দেন ইউনিস। আর সেই সুযোগে হার না মানা ৭৫ রান করে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। ক্যাচ ফেলে দেয়ায় অবশ্য তীব্র সমালোচনার শিকার হন ইউনিস।
প্রচার মাধ্যমের খবরে বলা হয়, ইউনিসের মাঠে নামা সম্ভব না হলে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে দলের নেতৃত্ব দিতে পারেন শহিদ আফ্রিদী। কিন্তু এই প্রস্তাব পাওয়ার কথা স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি।
পাকিস্তান-নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজের প্রত্যেকটি হবে আবু ধাবিতে। সিরিজ শুরু হবে ৩ নভেম্বর। শেষ হবে ৯ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪৮ ঘ.
bdnews24