২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় সমারসেটের

শেষ তিন বলে দুটি চারের মার মেরে ডেকান চার্জার্সের বিপক্ষে জয়টা একরকম ছিনিয়ে নিয়েছেন সমারসেটের আলফনসো থমাস। ম্যাচ শেষে তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ১ উইকেটের এমন নাটকীয় জয়ের নায়ক তিনিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ তিন বলে দুটি চারের মার মেরে ডেকান চার্জার্সের বিপক্ষে জয়টা একরকম ছিনিয়ে নিয়েছেন সমারসেটের আলফনসো থমাস। ম্যাচ শেষে তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ১ উইকেটের এমন নাটকীয় জয়ের নায়ক তিনিই। শনিবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং নিতে হয় ডেকান চার্জার্সকে। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস আসে ভিভিএস লক্ষ্মণের ব্যাট থেকে। তবে দলের নামকরা ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ১৮, অ্যান্ড্রু সাইমন্ডস ৮ এবং স্কট স্টাইরিস ১৩ ব্যর্থ হলেও রোহিত শর্মা ২২ এবং বেনু গোপাল রাওয়ের ২২ রানে ডেকান চার্জার্স লড়িয়ে পুঁজি গড়ে। সমারসেট বোলার জেমস ফিলিপ ৩১ রানে ৩ এবং ডেভিড ট্রেগো ও আলফনসো থমাস ২টি করে উইকেট পান। জবাব দিতে নেমে ৯৯ রান তুলতেই ৭ উইকেট পড়ে যায় সমারসেটের। কিন্তু অষ্টম উইকেট জুটিতে আলফনসো থমাস এবং জেমস হিলড্রেথ ম্যাচটিকে শেষ বল পর্যন্ত নিয়ে যান এবং নাটকীয় জয় কেড়ে নেন। হিলড্রেথ ২৫ রান করে সাজঘরে ফিরে গেলেও থমাস দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বল হাতে ২ উইকেট এবং ব্যাট হাতে ম্যাচ জয়ী ইনিংসের সুবাদে থমাস আলফনসোই ম্যাচ সেরার পুরস্কার পান। ডেকানের পক্ষে আরপি সিং ২৩ রানে ৩ উইকেট এবং প্রবীণ ওঝা নেন ২০ রানে ২ উইকেট। সংক্ষিপ্ত স্কোর: ডেকান চার্জার্স: ১৫৩/৯ (লক্ষ্মণ ৪৬, রোহিত ২৪; ফিলিপ ৩১/৩, ট্রেগো ১৯/২, থমাস ২৫/২) সমারসেট: ১৫৭/৯ (থমাস ৩০*, হিলড্রেথ ২৫; আরপি সিং ২৩/৩, ওঝা ২০/২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪২৪ ঘ.