ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেখতে দেখতেই পনের মিনিট সময় ফুরিয়ে গেলো। সাকিব আল হাসান বাসায় ফিরে গেলেন; আরিফ খান জয়ও। একজন এ মুহূর্তে বিশ্বে সাড়া জাগানো ক্রিকেটার, অন্যজন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। ছিন্নমূল শিশুদের কাছে দু'জন সুপরিচিত হলেও কল্পজগতের মানুষ। তাদেরকে কাছে পাওয়া, ছুঁয়ে দেখা স্বপ্নের মতোই। ঢাকা শহরের ছিন্নমূল শিশুদের অনেকেই খানিক সময়ের জন্য এই দু'জনকে শুধু কাছেই পায়নি, তাদের সঙ্গে ফুটবলও খেলেছে।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে অপরাজেয় বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা ছিন্নমূল শিশুদেরকে এ সুযোগ করে দেয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছিন্নমূল শিশুদের নিয়ে দিনব্যাপি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এনজিওটি। তাদের আমন্ত্রণে বিশেষ অতিথি হয়ে ১৫ মিনিটের জন্য সাকিব আর জয় এসে খেলায়ও অংশ নেন।
ক্রিকেট কিম্বা তার বাইরে অনেক অনুষ্ঠানেই যোগ দিয়েছেন সাকিব। কিন্তু সুবিধাবঞ্চিত শিশুদের অনুষ্ঠানে অংশ নেয়ার অনুভূতি তার কাছে একটু অন্যরকম। আবেগ লুকাননি, প্রতিক্রিয়ায় বলেছেন,"সুবিধাবঞ্চিত শিশুদের অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। সে সুযোগ হওয়ায় খুবই ভালো লাগছে।"
ছিন্নমূল শিশুদের অনুষ্ঠানে শুধু অতিথি হয়েই থাকতে চান না সাকিব। তাদের জন্য কাজ করার ইচ্ছে তার, বললেন,"এই মুহূর্তে বলতে পারছি না ছিন্নমূল শিশুদের জন্য কতটা করতে পারব। ভবিষ্যতে অবশ্যই তাদের জন্য কোনো একটা প্রতিষ্ঠান বা অ্যাকাডেমি গড়ে তোলার ইচ্ছে আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৮৫৭ ঘ.
bdnews24