২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ডেয়ার ডেভিলসকে ৭ উইকেটে হারালো ভিক্টোরিয়া

চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টিতে ভারতীয় ক্লাব দিল্লি ডেয়ার ডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্লাব ভিক্টোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টিতে ভারতীয় ক্লাব দিল্লি ডেয়ার ডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্লাব ভিক্টোরিয়া। শুক্রবার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া দিল্লি তাদের হোম কন্ডিশন এবং স্বাগতিক দর্শকদের সমর্থন কাজে লাগাতে পারেনি। ভিক্টোরিয়ান বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয়। দিল্লির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মিঠুন মানাস। বীরেন্দর শেবাগ করেন ২১ রান। ভিক্টোরিয়ান পেসার ক্লান্ট ম্যাককে ১৭ রানে ৩ উইকেট তুলে নেন। হারউড এবং ম্যাকডোনাল্ড নেন দুটো করে উইকেট। জবাব দিতে নেমে ২০ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। দলের পক্ষে জন কুইনি করেন ৪০ রান এবং অসি ক্রিকেটার ক্যামেরন হোয়াইট ২২ রানে অপরাজিত থাকেন। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাককে হন ম্যান অব দ্য ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর: দিল্লি: ৯৮/৮(মিঠুন ২৫, শেবাগ ২১, দিলশান ১৮; ম্যাককে ১৭/৩, ম্যাকডোনাল্ড ১৭/২) ভিক্টোরিয়া: ১৬.৪ ওভারে ১০০/৩(কুইনি ৪০, হোয়াইট ২২*, দিলশান ১৪/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৬০৫ ঘ.