লন্ডন, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছুদিন থেকে ফর্ম ভালো যাচ্ছিল না স্টিভ হার্মিসনের। এর খেসারতও দিতে হলো ইংল্যান্ডের টেস্ট ও একদিনের দল থেকে বাদ পড়ে। এ অবস্থায় অনেকেরই আশঙ্কা, শেষ হতে চলেছে হার্মিসনের আন্তর্জাতিক ক্রিকেট জীবন।
হার্মিসনের বদলে দক্ষিণ আফ্রিকা সফরের ইংল্যান্ড টেস্ট দলে নেয়া হয়েছে তারই ডারহাম সতীর্থ লিয়াম প্লাংকেটকে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার জন্য ২০০৭ সালের পর আবারো দলে ডাক পেলেন তিনি।
টেস্ট ও একদিনের ক্রিকেট দলে জায়গা পেলেও টোয়েন্টি-টোয়েন্টি দলে নেয়া হয়নি কেভিন পিটারসেনকে ।
হার্মিসনকে দল থেকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্বাচক জিওফ মিলার বলেন, গত ১২ মাস ধরে ভালো খেলতে না পারায় তাকে দলে নেয়া হয়নি।
এদিকে পল কলিংউডকে অধিনায়ক করা হয়েছে টোয়েন্টি-টোয়েন্টি দলের।
দক্ষিণ আফিকা সফরে ইংল্যান্ড চারটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সফর শুরু হবে নভেম্বরে।
টেস্ট দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, পল কলিংউড, স্টিভেন ড্যাভিস, গ্রাহাম অনিয়ন্স, কেভিন পিটারসেন, লিয়াম প্ল্যাংকেট, ম্যাট প্রায়র, আদিল রশিদ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট ও লুক রাইট।
ওয়ানডে দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, অ্যালিস্টার কুক, জো ডেনলি, সাজিদ মাহমুদ, ইয়ন মর্গান, গ্রাহাম অনিয়ন্স, কেভিন পিটারসেন, ম্যাট প্রায়র, আদিল রশিদ, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট ও লুক রাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৫৮ ঘ.
bdnews24