২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ারই রয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি

শেন ওয়াটসনের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 07:36 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

সেঞ্চুরিয়ন, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেন ওয়াটসনের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ৪৫.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তুলে জয় ছিনিয়ে নেয়। তবে অস্ট্রেলিয়ার জয়টা খুব সহজ ছিল না। শুরুতেই কিউই পেসারদের তোপে পড়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। শেন বন্ড অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান টিমোথি পেইনকে এবং কাইল মিলস অধিনায়ক রিকি পন্টিংয়ে সাজঘরে ফেরালে অস্ট্রেলিয়া ভীষণ চাপে পড়ে যায়। চাপটা এতটাই বেড়ে যায় যে ১৬ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে মাত্র ৩৭ রান তুলতে সক্ষম হয়। তবে মাটি কামড়ে থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলার কাজটি করেন শেন ওয়াটসন এবং ক্যামেরন হোয়াইট। এই জুটির ১২৮ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তুলতে সহায়তা করে। তবে ব্যক্তিগত ৬২ রানে হোয়াইট সাজঘরে ফিরলেও ওয়াটসন হার না মানা ১০৫ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের জয় এনে দেন। স্কোর সমান সমান হলে প্যাটেলকে জয়সূচক ছক্কা হাঁকিয়ে মাঠ ছাড়েন তিনি। সেমিফাইনালেও ওয়াটসন ইংল্যান্ডের বিপক্ষে হার না মানা ১৩৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। অবশ্য নিউজিল্যান্ডেরও দারুণ সুযোগ এসেছিল ম্যাচে ফেরার। কিন্তু উইকেট কিপার ও ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ১৮তম ওভারে ক্যামেরন হোয়াইটের ক্যাচ ফেলে দেওয়ায় সে সুযোগ হাতছাড়া হয়ে যায়। হোয়াইট তখন ১৫ রানে ব্যাট করছিলেন। কিউই বোলার কাইল মিলস এদিন দুরন্ত বোলিং করেন। তিনি মাত্র ২৭ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। শেন বন্ড ৩৪ রানে ১ উইকেট নেন। এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া নিউজিল্যান্ড তাদের নিয়মিত অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়াই মাঠে নামে এবং শুরুতেই চাপে পড়ে যায়। ব্রেন্ডন ম্যাককুলাম ১৪ বল খেলে ০ রানে সাজঘরে ফেরেন পিটার সিডলের বলে। তবে অ্যারন রেমন্ড (২৬) ও মার্টিন গুপ্টিল (৪০) দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ রান যোগ করায় প্রাথমিক ধাক্কা সামলে ওঠে ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু দ্বিতীয় বারের ন্যায় মড়ক লাগে কিউই ব্যাটিং লাইনে। নিউজিল্যান্ড ২৭তম ওভারে মাত্র ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। তবে নিচের দিকের ব্যাটসম্যান নিল ব্র"মের ক্যারিয়ার সেরা ৩৭ এবং জেমস ফ্রাঙ্কলিনের ৩৩ রানে শেষ পর্যন্ত ২০১ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে নিউজিল্যান্ড। সিডল প্রথম স্পেলে ৫ ওভার বল করে ৮ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। অন্যদিকে হরিজ পুরো দশ ওভারে ৩৭ রান দিনে ৩ উইকেট তুলে নেন। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ২০০/৯ (গুপ্টিল ৪০, ব্র"ম ৩৭, ফ্রাঙ্কলিন ৩৩; হরিজ ৩৭/৩, লি ৪৫/২) অস্ট্রেলিয়া: ২০৬/ ৪ (ওয়াটসন ১০৫*, হোয়াইট ৬২, হোপস ২২*; মিলস ২৭/৩, বন্ড ৩৪/১) ম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ