ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাউন্ডস ম্যান, কিউরেটর, কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ১৬/১৭ জন ফিল্ডিং দিচ্ছিলেন। বোলিংয়ে আরো পাঁচজন। পেসার নাজমুল হোসেন ও স্পিনার নাঈম ইসলাম ছাড়া বাকিরা অনূর্ধ্ব-১৯ দলের বোলার। ফিল্ডিং এর অবস্থান বুঝেই শট খেলার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান।
সাকিবের এই ব্যাটিং প্র্যাকটিস জাতীয় দলের মূল অনুশীলনের বাইরে। কুঁচকির ব্যথা সারিয়ে তোলার প্রক্রিয়া শেষে শনিবার থেকেই অনুশীলনে নেমেছেন সাকিব। দু'দিন হালকা 'রানিং' করার পর তৃতীয় দিন ব্যাটিংটাও পরীক্ষা করে দেখলেন। সবাই আগ্রহ নিয়ে দেখেছেন সাকিবের ব্যাটিং। কোচসহ প্রত্যেকেই বোঝার চেষ্টা করেছেন ব্যাট করার সময় সাকিব ব্যথা অনুভব করেন কি না।
অনুশীলন শেষে ফুরফুরে মেজাজেই দেখা গেল বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,"অনেক দিন পর ব্যাট করলাম, বেশ ভালো লেগেছে। কুঁচকিতে কোনো ব্যথা অনুভব করিনি। আমার মনে হয়, খেলায় ফিরতে আর কোনো সমস্যা হবে না। আগামী সপ্তাহে বোলিং করার পরই অবশ্য এ বিষয়ে নিশ্চিত হতে পারব।"
এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার ব্যাপারে সাকিব আগ্রহী হলেও আসলেই তার পক্ষে খেলা সম্ভব হবে কিনা এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কোচ জেমি সিডন্স । তিনি বলেন,"একদিন ব্যাটিং দেখেই সাকিবের সেরে ওঠার ব্যপারে নিশ্চিত হতে পারছি না। পুরো দমে রানিং এবং বোলিংয়ের পরই বোঝা যাবে শিগগিরই তাকে শতভাগ ফিট পাবো কি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২০৪৫ ঘ
bdnews24