ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটি মানেই বিশ্রাম, ঘুরে বেড়ানোর অফুরন্ত সময়। বোলিংয়ের কথা ভুলে থাকার অফুরন্ত ফুরসত। অনেক দিন হলো পেস বোলারদের এই মানসিকতাই বদলে দেয়ার চেষ্টা করছেন বোলিং কোচ চম্পকা রমানায়েকে। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। ছুটি এলেই বোলারদের ফের পিছিয়ে পড়ার ভয়ে দুরুদরু করে তার বুক। অপেশাদারিত্বের এই অপচ্ছাায়াটা কিছুতেই সরাাতে পারছেন না। এ নিয়েই হতাশা ঝরলো তাঁর কন্ঠে,"বাংলাদেশের পেসারদের প্রধান সমস্যা, পেশাদারিত্বের অভাব। এখান থেকে চলে যাওয়ার পর কেউই অনুশীলনে থাকে না। ছুটি পেলেই বাংলাদেশের বোলাররা শুয়ে বসে দিন কাটায়। অথচ একজন ভালো বোলারকে প্রতিদিনই কমবেশি বল করতে হয়।"
এ জন্য অবশ্য ক্রিকেটারদের এককভাবে দায়ী করেননি রমানায়েকে। তাঁর মতে, অনুশীলনের সুযোগ- সুবিধার অভাবই অলস করে দেয় ক্রিকেটারদের।
কোচের সঙ্গে একমত না হলেও সরাসরি দ্বিমতও পোষন করেননি বোলাররা। নাজমুল হোসেন বলেন,"ইচ্ছে থাকলেও মিরপুরের বাইরে আমরা অনুশীলন করতে পারি না। তেমন সুযোগ সুবিধা থাকলে আমরা অবশ্যই প্র্যাকটিস করতাম।"
ছোট-ছোট এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠা গেলেই পেস বোলিংয়ে বাংলাদেশ শক্ত ভিত পাবে বলে মনে করেন চম্পকা। সে চেষ্টাতেই নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন জাতীয় দলের এই শ্রীলঙ্কান বোলিং কোচ। আগ্রহী বোলারদের নিয়ে বাড়তি কাজও করছেন। তাই কিছুটা তৃপ্তির কথাও শোনা গেল,"গত এক বছরে বেশ কিছু জায়গায় উন্নতি করেছে পেসাররা। বিশেষ করে স্কিল প্রায় ঠিক করে আনতে পেরেছি।"
প্র্যাকটিস শুরুর আগে নেটে একের পর এক বল করছিলেন রুবেল হোসেন। কাছে দাঁড়িয়ে দেখছিলেন রমানায়েকে। জমানো বল শেষ হতেই রুবেলকে ডেকে নিয়ে কিছু একটা শুধরে দিলেন। ফের বল ছাড়তেই বোঝা গেল রিভার্স সুইং আর ইয়র্কার নিয়ে কাজ করছেন রুবেল। আরেক পেসার নাজমুল হোসেনকে প্র্যাকটিস করাচ্ছেন 'ব্যাক স্পিন', সঙ্গে ইয়র্কার দেয়ার কৌশল।
কোচ বলেন,"রুবেলকে স্কিল শিখতে হচ্ছে। বেসিক ঠিক না হওয়া পর্যন্ত কোনো পেস বোলারের কাছ থেকেই শতভাগ আশা করা যায় না। সেশনের বাইরেও অতিরিক্ত পরিশ্রম করছে ও। ওর সঙ্গে বিশেষ কিছু ডেলিভারি নিয়ে কাজ করছি।"
আট জন পেসারকে নিয়ে কাজ করছেন বোলিং কোচ। স্কিলের সঙ্গে বোলারদের ফিটনেসের ওপরও গুরুত্ব দিচ্ছেন। তিনি মনে করেন,"পেস বোলারদের অন্যদের চেয়ে বেশি ফিট থাকতে হয়। তারা যাতে সুস্থ থেকে টানা খেলতে পারে সে চেষ্টাই করছি। "
আগামী বছর টানা ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে। কোচের প্রত্যাশা, সবাই ফিটনেস ধরে রেখেই খেলে যেতে পারবেন। মাশরাফিও খেলার অবস্থায় ফিরে আসবেন এরই মধ্যে। কেবল শাহাদাতকে নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে রমানায়েকের। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই সাহাদাতকে অমনোযোগী মনে হয়েছে তাঁর। যদিও সাহাদাতের বক্তব্য ভিন্ন। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ফিরতি সিরিজ খেলতে 'এ' দলের হয়ে ভারত সফরে যাওয়ার আগে সাহাদাত বলেছেন, বোলিং অ্যাকশন বদলে দেয়ায় তিনি আগের মতো জোরে বল করতে পারছেন না।
কিন্তু সাহাদাতের এই বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চম্পকা রমানায়েকে," অ্যাকশন বদলানো হয়নি। শুধরে দেয়া হয়েছে। সে (সাহাদাত) যাতে নিয়ন্ত্রিত বোলিং করতে পারে সে চেষ্টাই করছি আমি। অথচ তার মধ্যে তেমন আগ্রহ দেখছি না। অথচ পরিশ্রম করলে কিন্তু ও হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে কার্যকর পেস বোলার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯১৫ ঘ.
bdnews24