২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে দিন-রাতের টেস্টের পরিকল্পনা বাদ

বাংলাদেশের বিপক্ষে গোলাপী বল দিয়ে প্রথম দিন-রাতের টেস্ট খেলার পরিকল্পনা বাদ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি হওয়ায় টেস্টটি হওয়ার কথা ছিল আগামী বছরের মে-জুনে বাংলাদেশের ইংল্যান্ড সফরের সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে গোলাপী বল দিয়ে প্রথম দিন-রাতের টেস্ট খেলার পরিকল্পনা বাদ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি হওয়ায় টেস্টটি হওয়ার কথা ছিল আগামী বছরের মে-জুনে বাংলাদেশের ইংল্যান্ড সফরের সময়। ইসিবি সভাপতি জাইলস ক্লার্কের বরাত দিয়ে সানডে টাইমস জানায়, সময়ের অভাবে দিন-রাতের টেস্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। কারণ এ ধরনের টেস্ট খেলার আগে পরীক্ষামূলক ম্যাচের মাধ্যমে সঠিক একটি পদ্ধতি উদ্ভাবনের প্রয়োজন, যা এই সময়ের মধ্যে সম্ভব নয়। এছাড়া টেস্টে সাদা পোশাকও একটা বড় ব্যাপার বলে তিনি মনে করেন। এমসিসি'র সহকারী সেক্রেটারি জন স্টিফেনসন বলেন, "যে কোনও কিছুতে পরিবর্তন আনতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়। আমাদের এমন একটি বল উদ্ভাবন করা দরকার যা টেকসই এবং কাজে লাগবে। তিনদিন কিংবা চারদিনের ম্যাচে এই বল পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।" কাউন্টি দল ডারহাম ও ওরচেস্টারশায়ারকে গোলাপী বল দিয়ে খেলার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা তা মানেনি। ডারহাম কোচ জিওফ কুকু বলেন, "এ ব্যাপারে আমি খুব একটা উৎসাহী নই।" গোলাপী বল দিয়ে খেলার অনুমতিও আইসিসি এখনও দেয়নি। কারণ গোলাপী বলের রং দ্রুত পাল্টে যায়। ফলে বার বার বল পরিবর্তনের দরকার হয়। (ক্রিকইনফো থেকে তথ্য নেওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭০৬ ঘ.