জোহানেসবার্গ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে নিউজিল্যান্ড।
সোমবার সেঞ্চুরিয়নে ফাইনাল খেলাটি হবে।
শনিবার জোহানেসবার্গে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। তবে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বড় স্কোর গড়া সম্ভব হয়নি তাদের। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেটে পাকিস্তান ২৩৩ রানের স্কোর গড়ে।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান উমর আকমল। মোহম্মদ ইউসুফ করেন ৪৫ রান।
নিউজিল্যান্ডের পক্ষে গ্যারেথ বাটলার ক্যারিয়ার সেরা বোলিং করে ৪৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি নেন ৪৩ রানে ৩ উইকেট।
জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেলেও জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে। গ্র্যান্ট এলিয়ট ও ভেট্টরির ১০৪ রানের জুটি নিউজিল্যান্ডকে ফাইনালে নিয়ে যায় সহজেই।
এলিয়ট খেলেন হার না মানা ৭৫ রানের দারুণ এক ইনিংস। পাঁচটি চার এবং এক ছক্কায় সাজানো এ ইনিংসের সঙ্গে ভেট্টরি যোগ করেন আরও ৪১ রান।
ভেট্টরি যখন সৈয়দ আজমলের বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন তখন নিউজিল্যান্ড জয় থেকে মাত্র ৪ রান দূরে।
ফলে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন ভেট্টরি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ২৩৩/৯(উমর আকমল ৫৫, ইউসুফ ৪৫, নাজির ২৮; বাটলার ৪৪/৪, ভেট্টরি ৪৩/৩)
নিউজিল্যান্ড: ২৩৪/৫(এলিয়ট ৭৫*, ভেট্টরি ৪১, টেইলর ৩৮; আজমল ৩৯/২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24