ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পাওয়াকে বিরল সম্মান বলে অভিহিত করেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব আল হাসান বলেন, "আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে সুযোগ পাওয়া আমার জন্য বড় ধরনের সম্মানের ব্যাপার। এই দলের অন্য সদস্যরাও 'জীবন্ত কিংবদন্তী'র মতো।"
তার এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটের মান বৃদ্ধি করবে বলে মত দেন সাকিব।
তিনি বলেন, "এই বিরল সম্মান আজ পর্যন্ত বাংলাদেশের কোন ক্রিকেটারই পাননি। আমাকে দিয়েই এই সম্মান পাওয়া শুরু হলো এবং আমি নিশ্চিত এটি অন্য ক্রিকেটারদের জন্যও প্রেরণা হিসেবে কাজ করবে।"
এমন জায়গায় নিজেকে দেখার জন্য এখন প্রত্যেক ক্রিকেটারই নিজেকে প্রস্তুত করবে বলে মনে করেন সাকিব।
তিনি বলেন, "এতে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের পারফরমেন্স আরো ভালো হবে বলে আমার বিশ্বাস।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিএ/টিআর/২২১৭ ঘ.
bdnews24