২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির সমালোচনায় আকরাম

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগেই বিদায় নিয়েছে ভারত। আর এজন্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বকেই দায়ী করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 11:35 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

নয়া দিল্লী, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগেই বিদায় নিয়েছে ভারত। আর এজন্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বকেই দায়ী করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আকরাম পিটিআই-কে বলেন, "টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের 'শারীরিক ভাষা' মোটেও ভালো ছিল না। আমার এখনো মনে পড়ে বোলিং-এর সময় হারভাজন যখন উইকেটের পেছনে একের পর এক রান দিয়ে যাচ্ছিলেন, তখন ধোনির জায়গায় আমি থাকলে হারভাজনকে বলতাম আমি কিছুই মনে করব না যদি আপনি কভার অঞ্চল দিয়ে মার খান। কিন্তু যে লাইনে বল করছেন, সে লাইনে করেবেন না।" ভারতীয় পেসারদেরও এক হাত নিয়েছেন আকরাম। তিনি বলেন, "মুনাফ প্যাটেল, আর পি সিং, ইরফান পাঠান ও ইশান্ত শর্মার মতো বোলাররা প্রথম দিকে ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিতে ঠিকই বোলিং করেছেন। কিন্তু বছর না ঘুরতেই তাদের বলের গতি কমে ১৩০ থেকে ১২০-এ নেমে আসে। এ ধরনের ভারতীয় বোলার আমি বহু দেখেছি।" এ রকম পরিস্থিতিতে কী করতে হবে, সে পথও বাতলে দেন আকরাম। নিজের বোলিং গুরু ইমরান খানের উদাহরণ দিয়ে বলেন, "এ রকম সময়ে আমার অধিনায়ক এবং গুরু ইমরান খান আমার সঙ্গে কথা বলতেন। তিনি আমাকে বলতেন যে লাইন, লেঙথ, নো ও ওয়াইডের তোয়াক্কা না করে শুধু জোরে বল করে যাও।" চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ফাইনালে ওঠার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ওয়াসিম আকরাম। শচীন টেন্ডুলকারের ভক্ত আকরাম বলেন, এখনও ভারতকে দেয়ার মতো শচীনের অনেক কিছুই আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৩৭ ঘ.