২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে গাজী ট্যাংক আর বিমানও

প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে টানা তৃতীয় জয় পেয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। প্রিমিয়ারের নবাগত এই দলটি বুধবার অনায়াসে ৮ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। এবং এই ম্যাচেও তাদের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অলরাউন্ড পারফরম্যান্সের ঝলক অব্যাহত। হার দিয়ে টোয়েন্টি-টোয়েন্টি লিগ শুরু করার পর অবশ্য আর পথ হারায়নি বিমানও। নিজেদের তৃতীয় ম্যাচে তাদের দ্বিতীয় জয় বিকেএসপির বিপক্ষে। যদিও ৮১ রানের মামুলি টার্গেট তাড়া করে জয়টা মাত্র ৬ উইকেটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে টানা তৃতীয় জয় পেয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। প্রিমিয়ারের নবাগত এই দলটি বুধবার অনায়াসে ৮ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। এবং এই ম্যাচেও তাদের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অলরাউন্ড পারফরম্যান্সের ঝলক অব্যাহত। হার দিয়ে টোয়েন্টি-টোয়েন্টি লিগ শুরু করার পর অবশ্য আর পথ হারায়নি বিমানও। নিজেদের তৃতীয় ম্যাচে তাদের দ্বিতীয় জয় বিকেএসপির বিপক্ষে। যদিও ৮১ রানের মামুলি টার্গেট তাড়া করে জয়টা মাত্র ৬ উইকেটের। টস জিতে ব্যাট করতে নামা সিটি ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। লালমোহন হোসেন (২৯) এবং হামিদুর রহমানের (৩৫) ব্যাট থেকে দুটো গুরুত্বপূর্ণ ইনিংস বেরিয়ে না আসলে একশোও পেরোতো না তাদের ইনিংস। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচেরই সফলতম বোলার গাজী ট্যাংকের মো. ইউনুস। নতুন বলের বোলার মুক্তার আলীর (২/১৬) মতো দুই উইকেট পেয়েছেন অধিনায়ক আশরাফুলও, খরচ করেছেন ১৯ রান। পরে ব্যাট হাতেও ২৩ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন। তবে ৬ বল বাকি থাকতেই গাজী ট্যাংকের সহজ জয়ের ভিত গড়েছে ওপেনার মিথুন আলীর ঝড়োগতির ব্যাটিং। ৪২ বলে ৪৮ রানের ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন আটটি, দ্বিতীয় উইকেটে নাফিস ইকবালকে (৩৫*) নিয়ে ৭৮ রানের পার্টনারশিপও গড়েছেন। সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনিই। ৪-২-৬-২; দুর্দান্ত এই বোলিং ফিগার বিমানের শাহাদাত হোসেনের। বিকেএসপির ব্যাটিংকে শুরুর ধাক্কাটা দিয়েছেন জাতীয় দলের এই পেসার, তবে পরে তাকেও ছাড়িয়ে গেছেন নাবিল সামাদ। এই বাঁ হাতি স্পিনারের বোলিং ফিগারও দেখার মতো : ৪-১-৯-৩। ম্যাচ সেরাও তিনিই। এছাড়া আগের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা আব্দুর রাজ্জাক ১২ রানে নিয়েছেন ১ উইকেট। কিন্তু ৮১ রানের টার্গেট তাড়া করতে নামা বিমানের টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে আসায় জয় আরো বড় ব্যবধানের হয়নি। ব্যতিক্রম অবশ্য ওপেনার জাভেদ ওমর, ২২ রানে অপরাজিত ছিলেন তিনি। দিনের অন্য তিন ম্যাচে সূর্যতরুণ (১৩৫/৬) ২২ রানে সিসিএসকে (১১৩/৬), পারটেক্স (১০০/৪) ৬ উইকেটে ওল্ড ডিওএইচএসকে (৯৯/৮) এবং ইয়াং পেগাসাস (১২১/৭) ৫ রানে ভিক্টোরিয়াকে (১১৬/৮) হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ঘ.