ঢাকা, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জয়টা খুব সহজই হয়ে গেল কিনা, ম্যাচশেষে এমন প্রশ্নও শুনতে হল মাশরাফি বিন মর্তুজাকে। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকার পর কয়েকদিনের বিশ্রামশেষে বুধবারই প্রথম মাঠে নামা আবাহনী অধিনায়কের মৃদু হাসিই বুঝিয়ে দিল, এতোটা প্রত্যাশা তাদেরও ছিল না। মোহামেডানের বিপক্ষে ৮ উইকেটের অনায়াস জয় দিয়ে প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে সেমিফাইনালের পথে অনেকদূর এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে মাত্র ১১৫ রান। লক্ষ্যে পৌছাতে আবাহনীর লেগেছে ১৭.৩ ওভার।
ধুমধাড়াক্কা ক্রিকেটের দাবি মেটাতে ব্যর্থ এই ম্যাচ থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তাপটুকুও টের পাওয়া যায়নি। মোহামেডানের অসহায় আত্মসমর্পণ বরং আবাহনী-পারটেক্স ম্যাচের আবহই নিয়ে এসেছিল! তবে এমন নয় যে শুরুতেই ব্যাকফুটে চলে যেতে হয়েছে সোহরাওয়ার্দী শুভ'র দলকে। নাসিরুদ্দিন ফারুককে (১০) ফিরিয়ে জিয়াউর রহমান ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ফরহাদ হোসেনকে (২৪) নিয়ে ৩৬ রানের আরেকটি পার্টনারশিপ গড়েন ওপেনার শামসুর রহমান শুভ (৩৬)। বাঁ হাতি স্পিনার আরাফাত সানির (২/২২) বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শুভ ফিরে যাওয়ার পর দ্রুত রান তোলার চাহিদা পূরণে যেমন ব্যর্থ হয়েছেন অন্য ব্যাটসম্যানরা, তেমনি ছন্দে ছিলেন মাশরাফি-জিয়াও। ২৫ রান খরচায় তিন উইকেট পাওয়া জিয়াকেই ম্যাচের সেরা হিসেবে বেছে নিয়েছেন ম্যাচ রেফারি হেমায়েত সিদ্দিকী। তবে দারুণ সফল এক আন্তর্জাতিক মৌসুম কাটানো মাশরাফিও কম যাননি। ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। মার্শাল আইয়ুব ২০ বলে অপরাজিত ২১ রানের ইনিংস না খেললে আবাহনীর রান চেজ আরো সহজই হয়ে যেত।
তবে ১১৬ রানের টার্গেট তাড়া করতে নামাও কখনো কঠিন করে তুলতে পারেনি মোহামেডান। ওপেনার রনি তালুকদারকেই (১৮) তুলনামূলক দ্রুত ফেরানো গেছে, তবে সেটাও ইমরান আহমেদের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭.১ ওভারে ৪৬ রান তুলে ফেলার পর। রনির পর ইমরানও (৩৬) লেগ বিফোরের ফাঁদে পড়ার সময় অবশ্য আবাহনী জয় থেকে খুব বেশি দূরে নেই। এরপর ৩৪ বলে পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের তীরে তরী ভিড়িয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান সগীর হোসেন পাভেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.
bdnews24