২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটে-বলে উজ্জ্বল আশরাফুল

২০ বলে ৩২ রান আর বোলিংয়ে ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট; ব্যাটে-বলে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অলরাউন্ড নৈপূণ্য টানা দ্বিতীয় জয় এনে দিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্সকে। বিমানকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি শুরু করা সূর্যতরুণের বিপক্ষে সোমবার তাদের জয় ৫৪ রানের। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ আব্দুর রাজ্জাকের প্রত্যাবর্তন ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে বিমান। সিটি ক্লাবের বিপক্ষে তাদের ১৬ রানের জয়ে এই বাঁ হাতি স্পিনার তার ফেরা উদযাপন করেছেন ১৯ রানে ২ উইকেট নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২০ বলে ৩২ রান আর বোলিংয়ে ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট; ব্যাটে-বলে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অলরাউন্ড নৈপূণ্য টানা দ্বিতীয় জয় এনে দিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্সকে। বিমানকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি শুরু করা সূর্যতরুণের বিপক্ষে সোমবার তাদের জয় ৫৪ রানের। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ আব্দুর রাজ্জাকের প্রত্যাবর্তন ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে বিমান। সিটি ক্লাবের বিপক্ষে তাদের ১৬ রানের জয়ে এই বাঁ হাতি স্পিনার তার ফেরা উদযাপন করেছেন ১৯ রানে ২ উইকেট নিয়ে। তবে উদ্বোধনী দিনে বিমানের হারের মতো কোনো চমক উপহার দেয়নি টোয়েন্টি টোয়েন্টি আসরের দ্বিতীয় দিন। এদিন টানা দ্বিতীয় জয়ের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবং শিরোপাপ্রত্যাশী মোহামেডানও। ভিক্টোরিয়ার বিপক্ষে মোহামেডান ৩৪ রানের অনায়াস জয় পেলেও আবাহনী এতো সহজে জেতেনি। ওল্ড ডিওএইচএসের বিপক্ষে তাদের ৪ উইকেটের জয় নিশ্চিত হয়েছে শেষ ওভারে। দিনের অন্য দুটো ম্যাচে ইয়াং পেগাসাস ৫ উইকেটে পারটেক্সকে এবং সিসিএস ৬ উইকেটে বিকেএসপিকে হারিয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আশরাফুলের পাশাপাশি ওপেনার ইমরুল কায়েসও খেলেছেন ঝড়োগতির ইনিংস। দুই বাউন্ডারি ও চার ছক্কায় সাজানো তার ৪৭ রানের ইনিংসটি মাত্র ২৬ বলে খেলা। তবুও গাজী ট্যাংকের দেড়শো পার করা নিয়ে ছিল সংশয়। নিজেদের ইনিংসের শেষ ওভারে সব সংশয় তার ব্যাটে উঁড়িয়ে দিয়ে দলকে ৮ উইকেটে ১৬৯ রানে নিয়ে যান মুক্তার আলী। ৯ বলে ২৮ রান করে অপরাজিত মুক্তার তার চার ছক্কার সবগুলোই মেরেছেন ওই শেষ ওভারে। তিনটি মিডউইকেট দিয়ে উঁড়িয়ে নিয়ে ফেলেছেন গ্যালারিতে, অন্যটা লং অনের ওপর দিয়ে। স্পিনার সাব্বির রহমানের ওই ওভার থেকে আসে ৩২ রান। ১৬৯ তাড়া করতে নেমে মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারানো সূর্যতরুণ আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের প্রাথমিক ধাক্কা দেওয়ার ক্ষেত্রেও দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কারের দাবিদার হয়ে উঠেছিলেন মুক্তারও। তবে ম্যাচ রেফারির বিবেচনায় তাকে পেছনে ফেলে এটি পেয়েছেন তার অধিনায়ক আশরাফুলই। একই মাঠে দিনের প্রথম ম্যাচের সর্বোচ্চ ও সবচেয়ে দ্রুতগতির ইনিংসটি খেলেছেন আরাফাত সালাউদ্দিন। দুই বাউন্ডারি ও চার ছক্কায় তার ২৭ বলে ৪৪ রানের ইনিংসও জেতাতে পারেনি ভিক্টোরিয়াকে। শামসুর রহমান (৩৯), নাসিরউদ্দিন ফারুক (৩০), ফরহাদ হোসেন (২১) এবং অধিনায়ক সোহরাওয়ার্দী শুভদের (২২) ব্যাটে ভর দিয়ে ৯ উইকেটে মোহামেডানের তোলা ১৫৪ রান তাড়া করতে নামা ভিক্টোরিয়া ৩১ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে আরাফাতের প্রচেষ্টা হারের ব্যবধানকে কেবল সন্মানজনকই করেছে। বাঁ হাতি স্পিনার মুরাদ খান (৩/৩০) মোহামেডানের সফলতম হলেও নতুন বলের দুই বোলার তারেক আজিজ (২/১৮) ও ডলার মাহমুদই (২/১৯) আসলে প্রতিপক্ষের সব সম্ভাবনা শুরুতে শেষ করে দেন। তবে নাসিরউদ্দিনকে নিয়ে ৫৯ রানের দারুণ সূচনা এনে দেওয়া ওপেনার শামসুরই হয়েছেন ম্যাচ সেরা। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানের বেশি তুলতে না দেওয়ায় আবাহনীর ফিল্ডারদের অবদানও বোলারদের চেয়ে কোনো অংশে কম নয়। চার চারটি রানআউট করেছেন তারা। টার্গেট বেশি না হলেও এই রান তাড়া করতে গিয়েই বিপদে পড়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ৩২ বলে ম্যাচ সর্বোচ্চ ৩৭ রান করে ম্যাচ সেরা হওয়া নাসির হোসেন দলকে ১১০ রানে রেখে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর তাদের জয় আরো অনিশ্চিত হয়ে যায়। শেষ ওভারে তাদের সামনে ১১ রানের সমীকরণ দাঁড়ায়। তবে ২ বল বাকি থাকতেই আবাহনীকে জয় এনে দেয় শেষ ওভারে হাঁকানো রেজাউল করিমের (১৫*) ছক্কা। বিকেএসপিতে অধিনায়ক সানোয়ার হোসেনের ফিফটি সত্ত্বেও খুব বেশি এগোয়নি বিমানের ইনিংস। ৪৫ বলে ৬০ রানের ইনিংস তাকে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাইয়ে দিলেও বিমানের দ্বিতীয় সর্বোচ্চ মাত্র ২৫ রান, এসেছে তুষার ইমরানের ব্যাট থেকে। এছাড়া আর কেউই সফল না হওয়ায় ৭ উইকেটে ১১৫ রানের বেশি তুলতে পারেনি বিমান। সিটি ক্লাবের ওপেনার রবিউল করিমকে (৪৪) ফেরাতে না পারলে এই রান ডিফেন্ড করা কঠিন হত তাদের জন্য। প্রত্যাবর্তনে সেই কাজটি করা রাজ্জাক দুই উইকেট নিয়ে বুঝিয়েছেন সংশোধিত অ্যাকশনেও বেশ কার্যকরী তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.