২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচানোর লড়াই

ঠিক কত রান হলে নিশ্চিন্ত হওয়া যাবে? জাতীয় ছুটির দিনে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের সামনে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটার উত্তর তার জানা নেই!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

অ্যাডিলেড, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠিক কত রান হলে নিশ্চিন্ত হওয়া যাবে? জাতীয় ছুটির দিনে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের সামনে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটার উত্তর তার জানা নেই! সিরিজের উত্তেজনা টিকিয়ে রাখতে হলে সোমবারের এই ম্যাচটা জিততেই হবে পন্টিংয়ের দলকে। প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে তারা পিছিয়ে আছে ১-২ ম্যাচে, সোমবার জিতলেই সিরিজ হয়ে যাবে সফরকারীদের। পেছন ফিরে তাকালে দেখা যাচ্ছে, ওই তিন ম্যাচের দুটিতে ২৬৯ ও ২৭১ রান তুলেও হেরেছে স্বাগতিকরা, একমাত্র জয়টাও এসেছে শঙ্কার কাঁপুনি সঙ্গে নিয়ে, মাত্র ৫ রানের ব্যবধানে। এই কাঁপনটা ধরাচ্ছেন দক্ষিণ আফ্রিকার হয়ে আট নম্বরে ব্যাট করতে নামা অ্যালবি মরকেল। তিন ম্যাচে মিলিয়ে ৯১ রান করেছেন এই তরুণ, তাও আবার টোয়েন্টি-টোয়েন্টিকে মনে করিয়ে দেওয়া ২০২.২২ স্ট্রাইক রেটে! সোমবারের ম্যাচে ব্যাটিং অর্ডারে এক ধাপ এগিয়ে আনা হচ্ছে তাকে। দক্ষিণ আফ্রিকানদের জন্য অবশ্য সেটা কোনো সুখবর নয়, উইকেট কিপার মার্ক বাউচারকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না বলেই প্রমোশনটা পাচ্ছেন মরকেল। তৃতীয় ম্যাচে শন টেইটের ইয়র্কারে গোড়ালিতে চোট পাওয়া বাউচার এই সিরিজেই আর খেলবেন না, তার জায়গায় উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন এবি ডিভিলিয়ার্স আর একাদশে জায়গা পাচ্ছেন মরকেলের ভাই মরনে মরকেল। বাউচারের বদলে নতুন একজন বোলারকে নেওয়ার কারণ, পিঠের ব্যাথার কারণে এই ম্যাচে জ্যাক ক্যালিস বোলিং করতে পারবেন না, খেলবেন কেবলই ব্যাটসম্যান হিসেবে। একটা পরিবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ান দলেও। ফাস্ট বোলার ন্যাথান ব্র্যাকেনের ইনজুরিতে ১৩ জনের ডাক পেলেও একাদশে থাকছেন না রায়ান হ্যারিস, কারণ একজন বোলার বেশি খেলিয়ে সিডনিতে তেমন কোনো লাভ না হওয়ায় দলের নীতিনির্ধারকরা আবার ফিরিয়ে আনছেন অলরাউন্ডার ক্যামেরন হোয়াইটকে। ৬ নম্বরে ব্যাট করার পাশাপাশি তার লেগ স্পিন বোলিংটাকেও কাজে লাগানোর পরিকল্পনা আছে পন্টিংদের। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১১৭ ঘ.