২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের সেরা অলরাউন্ডার বলছেন...

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় 'বিজ্ঞাপন' যে সাকিব আল হাসান, এটা তার অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথা শুনলেই বোঝা যাচ্ছে, "সাকিবের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া বোঝাচ্ছে, আমরা দল হিসেবেও ভালো করছি। অনেক বড় এক অর্জন এটা।" মাত্র ২৪ বছর বয়সেই মুদ্রার এপিঠ-ওপিঠ খুব ভালোভাবে দেখে ফেলা আশরাফুলের ডেপুটি মাশরাফি বিন মর্তুজার চোখে এই অর্জন অনুকরণীয়, "এখন আমাদের সবাই ওকে দেখে আরো উৎসাহ পাবে।" এখন সবদিকেই সাকিবের সময়টা কাটছে দারুণ। ওয়ানডের সেরা অলরাউন্ডার হওয়াই শুধু নয়, এক সপ্তাহের মধ্যে দু'দুটো সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। নিজের একের পর এক সাফল্যের মাঝে ব্যর্থতার জন্য প্রবল সমালোচিত অধিনায়কের পাশে দাঁড়িয়ে এই অলরাউন্ডার শুক্রবারের সংবাদ সম্মেলনে সবাইকে আশাবাদী করে তোলারও চেষ্টা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় 'বিজ্ঞাপন' যে সাকিব আল হাসান, এটা তার অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথা শুনলেই বোঝা যাচ্ছে, "সাকিবের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া বোঝাচ্ছে, আমরা দল হিসেবেও ভালো করছি। অনেক বড় এক অর্জন এটা।" মাত্র ২৪ বছর বয়সেই মুদ্রার এপিঠ-ওপিঠ খুব ভালোভাবে দেখে ফেলা আশরাফুলের ডেপুটি মাশরাফি বিন মর্তুজার চোখে এই অর্জন অনুকরণীয়, "এখন আমাদের সবাই ওকে দেখে আরো উৎসাহ পাবে।" এখন সবদিকেই সাকিবের সময়টা কাটছে দারুণ। ওয়ানডের সেরা অলরাউন্ডার হওয়াই শুধু নয়, এক সপ্তাহের মধ্যে দু'দুটো সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। নিজের একের পর এক সাফল্যের মাঝে ব্যর্থতার জন্য প্রবল সমালোচিত অধিনায়কের পাশে দাঁড়িয়ে এই অলরাউন্ডার শুক্রবারের সংবাদ সম্মেলনে সবাইকে আশাবাদী করে তোলারও চেষ্টা করেছেন। প্রশ্ন : ওয়ানডের সেরা অলরাউন্ডার- এই স্বীকৃতির কথা নিশ্চয়ই মাঠেও মনে পড়েছে খুব। সাকিব আল হাসান : এটা এমনই এক ব্যাপার যে চিন্তায় আনতে না চাইলেও চলে আসে। তারপরও গত রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছি। ঘুমও ভালো হয়েছে। মাঠে খেলতে আসার পরও এটা সেভাবে মাথায় আসছিল না। তবে ব্যাটিং করার সময় মাথায় আসে যে, নিজেকে প্রমাণের এটা একটা সুযোগ। সেরা অলরাউন্ডার যে আমি আমার যোগ্যতা দিয়েই হয়েছি, সেটা প্রমাণ করার একটা বিষয় ছিল। সেটা করতে পেরেছি বলেই মনে হয়। প্রশ্ন : কোনটা বেশি ভালো লাগছে- সেরা অলরাউন্ডার হওয়া নাকি দলের জয়? সাকিব : দলের জন্য, দেশের জন্য ম্যাচ জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে সেরা অলরাউন্ডার হওয়াটা দারুণ আনন্দের ব্যাপার। তবে আমার কাছে দল আগে। প্রশ্ন : বলছিলেন ব্যাটিংয়ের সময় কিছু একটা প্রমাণ করতে চেয়েছিলেন। রেমন্ড প্রাইসের বলে শুন্য রানে ক্যাচ দেওয়ার ঘটনা কী সেই উত্তেজনাতেই? সাকিব : এটা সত্যি কথা যে একটু রোমাঞ্চিতই ছিলাম ওইসময়। রান করতে হবে, এটাই সবসময় মাথায় কাজ করছিল। যদিও সুইপ শটটা ওপরে চলে গেছে, কিন্তু আমি নীচেই মারতে চেয়েছিলাম। কিছু করার ছিল না। প্রশ্ন : ছোট দলের ক্রিকেটারের এতো বড় অর্জনে তো বাংলাদেশকে নিয়ে সমালোচনা এখন বন্ধ হওয়া উচিত। আপনি কি বলেন... সাকিব : তারা সমালোচনা করবে কী করবে না, সেটা বলা মুশকিল। তবে হ্যাঁ, সেরা অলরাউন্ডার হওয়াটা আমার জন্য যেমন, তেমনি দলের জন্যও খুব ভালো হল। কারণ এখন আমাকে দেখেই সবার মধ্যে এই আশা জাগবে যে, "না আমরাও পারবো। ও পারলে আমরা পারবো না কেন? আমরাও তো একই সঙ্গে খেলছি।" আশা করবো, আমার সতীর্থরা এখন থেকে এভাবেই চিন্তা করবে। এবং আস্তে আস্তে আমাদের দলের অনেকেই আমার মতো টপ র‌্যাঙ্কিংয়ে থাকবে। প্রশ্ন : সারাদিন আজ অভিনন্দনের জোয়ারেই ভাসছিলেন। নিশ্চয়ই নজর এড়ায়নি যে আজ বিকেলে আপনার অধিনায়ক গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেছেন। কীভাবে দেখেন এটাকে? সাকিব : দর্শকদের ব্যাপারে কিছু বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। সত্যি কথা বলতে কী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অনেক কঠিন ব্যাপার। ছোট একটা দলের অধিনায়ক, যেখানে পারফরম্যান্সও সবসময় হয় না, কেউ নিয়মিত পারফরমও করে না- সেই দলকে নেতৃত্ব দেওয়া অবশ্যই কঠিন। উনি রান করছেন না, মানছি। আবার এমনও নয় যে খুব খারাপ ব্যাটিং করছেন বা টেকনিকে কোনো সমস্যা আছে। মানসিক সমস্যা হয়তো আছে, না হলে তো এমন হত না। তবে আমি বিশ্বাস করি উনি খুব দ্রুতই আবার রানে ফিরবেন। প্রশ্ন : ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হওয়ার পথে সেরা পারফরম্যান্স? সাকিব : আলাদা করে কোনো ইনিংস কিংবা বোলিং পারফরম্যান্সের কথা এই মুহূর্তে মনে আসছে না। তবে আমার মনে হয় এই সময়ের মধ্যে বোলিংটাই নিয়মিত ভালো করেছি। প্রশ্ন : র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার কোনো চাপ? সাকিব : স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা ধরে রাখাই অনেক কঠিন কাজ। (সংবাদ সম্মেলনে হাসির রোলই তুললো সাকিবের এই কথায়) প্রশ্ন : পাকিস্তান সিরিজ সামনে। ওই সিরিজ নিয়ে ভাবনাটা কেমন? সাকিব : এই সিরিজে যেমন উইকেটে খেললাম, পাকিস্তান সিরিজেও একইরকম থাকলে আমাদের জন্য খুব কঠিন হবে। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। বোলিংটা ভালোই হবে। কিন্তু ব্যাটিংয়ে আমাদের খুব কষ্ট করতে হবে। কারণ ওদের খুব ভলো সিম অ্যাটাক আছে। এখানে উইকেট সিমারদের ভীষণ সহযোগিতা করছে। তাছাড়া এসব উইকেটে ব্যাটিং করা খুব কঠিন। সবগুলো ম্যাচই লো স্কোরিং ছিল। তারপরও আমি বলবো পাকিস্তানের সঙ্গে ভালো করার সেরা সুযোগ আমাদের সামনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.