২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারস্টেনের প্রতি শেবাগের কৃতজ্ঞতা, চ্যাপেলের বিরুদ্ধে ক্ষোভ

দুজনের কেউই ভারতীয় নন। এক জন অস্ট্রেলীয়, গ্রেগ চ্যাপেল। অন্য জন দক্ষিণ আফ্রিকার নাগরিক গ্যারি কারস্টেন। তবে একটা ব্যাপারে দুজনের মধ্যে দারুণ মিল। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতায় দুজনই ঋদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

মুম্বাই, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুজনের কেউই ভারতীয় নন। এক জন অস্ট্রেলীয়, গ্রেগ চ্যাপেল। অন্য জন দক্ষিণ আফ্রিকার নাগরিক গ্যারি কারস্টেন। তবে একটা ব্যাপারে দুজনের মধ্যে দারুণ মিল। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতায় দুজনই ঋদ্ধ। অথচ এই দুজন সম্পর্কে বীরেন্দর শেবাগের সম্পূর্ণ বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি। নিজের দুঃসময়ের জন্য গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন তিনি। আর রানে ফেরার জন্য কারস্টেনকে জানিয়েছেন কৃতজ্ঞতা ভরা শ্রদ্ধার্ঘ্য। বাজে ফর্মের কারণে ২০০৭এর ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতের প্রাথমিক দলেই সুযোগ পাননি শেবাগ। গৌতম গম্ভীর ইনজুরিতে পড়ায় তখনকার অধিনায়ক অনিল কুম্বলের জোরাজুরিতে সেই সফরে যেতে পেরেছিলেন তিনি। ভাগ্যিস কুম্বলে উদ্যোগটা নিয়েছিলেন! 'বীরু'কে ফেরানোর সুফল গত বছরে তো দুর্দান্তভাবেই পেয়েছে 'টিম ইন্ডিয়া'। ২০০৮এ ১৪ টেস্টে ৫৬.২৩ গড়ে ১,৪৬২ রান এসেছে তার ব্যাট থেকে। যার মধ্যে আছে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটের দ্রুততম ট্রিপল সেঞ্চুরি (২৭৮ বলে)। আছে অজন্তা মেন্ডিসের বুকে-কাঁপন-ধরানো স্পিনের মুখোমুখি দাঁড়িয়ে শ্রীলঙ্কা সফরে ব্যাট 'ক্যারি' করে অর্থাৎ ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০১ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস। গত বছর ওয়ানডেতেও দারুণ সফল ভারতের আক্রমণাত্মক ওপেনার। ১৮ ম্যাচে একটি সেঞ্চুরি ও ৮টি ফিফটিসহ ৪৯.৬১ গড়ে ৮৯৩ রানেই তা প্রতিফলিত। ক্যারিয়ারের এমন পুনরুজ্জীবনে শেবাগ তাই কারস্টেনের প্রতি কৃতজ্ঞ। ভারতের বার্তাসংস্থা পিটিআই-কে দেয়া এক সাক্ষাতকারে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনারের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি, "তিনিই (কারস্টেন) আমার দেখা সেরা কোচ। (আমাদের প্রতি) তার মূল বক্তব্য হলো, 'তোমরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটার। কিভাবে সফল হতে হয় এবং সফল হওয়া কতটা জরুরী তা তোমরা ভালোমতোই জানো। তাই আমার সব মতামত তোমাদের ওপরে চাপিয়ে দিতে চাই না। কিন্তু যখনই আমাকে তোমাদের দরকার হবে, সেটা প্র্যাকটিস, বল ছোড়া, মতামত আদান-প্রদান বা কোনো কারণে দুশ্চিন্তা যা-ই হোক না কেন, আমি সবসময় তোমাদের সঙ্গে থাকবো।" অথচ গ্রেগ চ্যাপেল সম্পর্কে শেবাগের বিশ্লেষণ সর্ম্পূণ ভিন্ন। ভারতের সাবেক কোচের সঙ্গ নাকি ভীষণ অস্বস্তিতে ফেলে দিত তাকে, "আমি তার সামনে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। আমার ফ্রন্টফুটে গিয়ে খেলা আর ফুটওয়ার্কে নিজের মতামত চাপিয়ে দিয়েছিলেন তিনি।" হয়তো সে কারণেই রান-খরায় ভোগা শেবাগ বাদ পড়েছিলেন দল থেকে। সেই যন্ত্রণাদায়ক দিনগুলোকে পেছনে ফেলে আবার তার ব্যাটে রানের স্রোত। সেজন্য কারস্টেনের প্রতি কৃতজ্ঞতা তো জানাবেনই 'বীরু'। চ্যাপেলের ওপরে ক্ষোভ থাকাও খুবই স্বাভাবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৩২ঘ.