ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এর আগে খেলা ১৯৫টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর ছিল ২০০৪ সালের এশিয়া কাপে করা হংকংয়ের ১০৫। আর আগের ৩৪ ম্যাচে জিম্বাবুয়ের সবচেয়ে ছোট ইনিংসটা ১৪৬ রানের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের স্বপ্ন দেখাটা তাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ব্যাটসম্যানরা ১২৪ রানে অলআউট হয়ে যাওয়ার পরই। মাশরাফি-সাকিবদের কল্যাণে কিছুক্ষণের জন্য সেই স্বপ্নটা ফিরে এসেছিল মাত্র, কিন্তু শেষ রক্ষা হয়নি। ৪ বল হাতে রেখে জিম্বাবুয়ে পেয়ে গেছে ২ উইকেটের এক শ্বাসরুদ্ধকর জয়।
একটানা বল করে ১০ ওভারের এক স্বপ্নের স্পেলে ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। পরে তাকেও ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। তিন স্পেলে ১০ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে পুরো ১০ ওভার বল করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটা আগেও ছিল তারই, ২০০৬ সালে চট্টগ্রামে স্কটল্যান্ডের বিপক্ষে তার বোলিং বিশ্লেষণ ছিল ১০-৪-১৩-১। আর সোমবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নতুন করে লেখানোর পর সেটা দাঁড়ালো ১০-৪-১১-৩।
এই দুজনের তোপের মুখে ৪৪ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। কিন্তু এরপর সপ্তম উইকেটে ম্যালকম ওয়ালার (২৪) ও অধিনায়ক প্রসপার উতসেয়ার ২৮, অষ্টম উইকেটে উতসেয়া (২১) ও রেমন্ড প্রাইসের ২০ আর নবম উইকেটে প্রাইস ও টাওয়ান্ডা মুপারিওয়ার ৩৫ রানের জুটি জিম্বাবুয়েকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। বল হাতে ক্যারিয়ার সেরা ২২ রানে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ২৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন সাবেক অধিনায়ক প্রাইস।
কিন্তু জিম্বাবুয়েকে এই তিনটি জুটি গড়ে তুলতে অনেকখানি সাহায্য করেছেন বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও! আগের ম্যাচেই শ্রীলঙ্কার টেল-এন্ডারদের হাতে মার খাওয়া রুবেল ও এদিন শুরু থেকেই বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে দুর্বল পারফরমার নাজমুলকে ৩৬ ও ৩৭তম ওভারে কেন তিনি একই সঙ্গে আক্রমণে ফিরিয়ে আনলেন সেটা এক রহস্য। ওই সময় দুই প্রান্ত থেকে দারুণ বোলিং করছিলেন দুই স্পিনার মাহমুদউল্লাহ আর নাইম ইসলাম। উতসেয়ার উইকেটটি নিয়ে রুবেল সাফল্য এনে দিলেও, প্রতি ওভারেই একটা-দুটো বাজে বল দিয়ে অন্য ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ দিয়েছেন তারা দুজনই।
ব্যাটসম্যানরা তৃতীয় পাওয়ার প্লে নেওয়ার পর নাইমকে ফিরিয়ে এনে আরেকটি ভুল করেছেন বাংলাদেশের অধিনায়ক, প্রথম ৬ ওভারে মাত্র ১৬ রান দেওয়া এই অফস্পিনার ওই সময় দুই ওভারে দিয়েছেন আরো ১১ রান। নিজের শেষ ওভারটিতে একটি মাত্র রান দিয়ে সাকিব আরো একবার সমীকরণটা কঠিন করে তুলেছেন, কিন্তু শেষ দু ওভারে ১০ রান প্রয়োজন, এমন অবস্থাতেও আশরাফুলের মনে পড়েনি ৬ ওভারে দুটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট পাওয়া মাহমুদউল্লাহকে। ৪৯ তম ওভারে বল হাতে পেয়ে রুবেল চারটি সিঙ্গেল রান দেওয়ার পর শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৬ রান, নাজমুলের করা ওই ওভারের প্রথম দুবল থেকে দুটি বাউন্ডারি তুলে নিয়ে সব শেষ করে দিয়েছেন প্রাইস।
এর আগে সকালে টস জিতে সবাইকে অবাক করে দিয়ে আশরাফুল নিয়েছেন ব্যাটিং, আর তারপর ব্যাটসম্যানরা যথারীতি ব্যর্থতার আরেকটি প্রদর্শনী মেলে ধরে অলআউট হয়ে গেছেন ৪৮.১ ওভারে, মাত্র ১২৪ রান তুলে।
জিম্বাবুয়ের পক্ষে দুই বাঁহাতি স্পিনার রেমন্ড প্রাইস (৪/২২) আর কিথ দাবেংওয়া (৩/১৫) মিলে নিয়েছেন সাত উইকেট, কিন্তু তারা আক্রমণে আসার আগেই ভেঙে পড়েছিল বাংলাদেশের টপ অর্ডার। ৩১ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ, এবং সেই ৩১ রান তুলতেই ১৭.৫ ওভার ব্যয় করে ফেলে পরের ব্যাটসম্যানদের চাপে ফেলে দিয়ে গেছেন প্রথম তিন ব্যাটসম্যান।
চতুর্থ উইকেটে রকিবুল হাসান (২৮) আর সাকিব আল হাসানের (১৫) ৩৫, আর ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম (২২) ও মাহমুদউল্লাহর (১৪) ৪২
bdnews24