ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের বিশৃঙ্খল টপ অর্ডারকে সুশৃঙ্খল করার একটা উপায় অবশ্য আছে। আর সেটা হচ্ছে তাদেরকে ছোট দলের সামনে ছেড়ে দেওয়া। পরিসংখ্যান খুঁজলে এর সত্যতা পাওয়া যায়। গত বছরের শুরুতে যেমন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খাবি খাওয়া টপ অর্ডার রানের দেখা পেয়েছিল এর ঠিক পরপরই আয়ারল্যান্ডকে সামনে পেয়ে। এবার যখন ক্রমাগত ব্যর্থতা নিয়ে প্রশ্ন ক্রমেই উচ্চকিত, তখন জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ শিবিরে উঁকি দিচ্ছে আয়ারল্যান্ড সিরিজের স্মৃতি। না হলে মোহাম্মদ আশরাফুল বলতেন না, "গত এক দেড় বছরে অনেকগুলো কঠিন সিরিজ খেললাম আমরা। মাঝখানে আয়ারল্যান্ডের সঙ্গে আমরা তিনটি ম্যাচ খেলেছি। ওই ম্যাচগুলোতে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো খেলেছিলেন। আশা করবো, এই জিম্বাবুয়ে সিরিজেও তাই হবে।"
সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল ৮২ রান করলেও জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপ ৩০ রানের বেশি দিতে পারেনি। পরের দুই ম্যাচে তামিম-শাহরিয়ার নাফীস জুটি দিয়েছিল ০ ও ৩৪ রান। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে পরের সিরিজের প্রথম ম্যাচটা বাদ দিলে পরের দুই ম্যাচেই এই জুটি দিয়েছে ৯৪ ও ১০৯ রানের পার্টনারশিপ। সিরিজের প্রথম ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়া নাফীস (৯০) পরের দুই ম্যাচেও পেয়েছিলেন ফিফটির (৬০ ও ৫৪) দেখা। প্রথম ম্যাচে মাত্র ১৩ রান করে আউট হয়ে গেলেও ওই সিরিজের শেষ ম্যাচেই নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরির (১২৯) আনন্দে ভাসেন তামিম। এর আগে বেশ কিছুদিন রানখরায় ভোগা আশরাফুলও পেয়েছিলেন রানের দেখা। এবার গ্রামীণফোন ট্রাইনেশন কাপ দুর্দান্ত খেলে শেষ করলেও টপ অর্ডারের অব্যাহত ব্যর্থতার সমাপ্তি তাই জিম্বাবুয়ে সিরিজেই দেখতে চান বাংলাদেশ অধিনায়ক। আর সেজন্য কিছু টার্গেটও তিনি ব্যাটসম্যানদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, "তিনটি ম্যাচে কমপক্ষে তিনজন যেন তিনটি সেঞ্চুরি করতে পারে। আমিও সুযোগ পেলে বড় ইনিংস খেলবো ইনশাল্লাহ।"
তার সামনে এখন বড় ইনিংস খেলার অবারিত সুযোগই বলা যায়। কারণ ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচেই চরম ব্যর্থ হয়েছেন তিন নাম্বারে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া মুশফিকুর রহিম। স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ে সিরিজে আর ওই জায়গায় ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সেখানে কে আসছেন, কোচ জেমি সিডন্সই রোববার তা জানিয়ে দিলেন, "এই সিরিজে তিন নাম্বারে ব্যাট করবে অ্যাশ।" ব্যাটিং অর্ডারে যদিও বাংলাদেশ অধিনায়কের পছন্দের জায়গা চার, কিন্তু এবার সেখান থেকে উঠে এসে তিনে নামার বিষয়টাকে তিনি দেখছেন এভাবে, "চার নাম্বারে খেললেও প্রায় প্রতিটা ম্যাচেই আমাকে দ্রুত নামতে হচ্ছে। কাজেই তিন নাম্বারে নামাটা তেমন কোনো সমস্যা নয়। তাছাড়া আমি লম্বা সময় ধরে ব্যাটিং করলে তা দলের জন্যও ভালো।"
তাহলে এতোদিন চার নাম্বারে খেলার যুক্তি তুলে ধরতেও ভুললেন না, "অধিনায়ক হওয়ার পরে অনেক ম্যাচেই আমি তিনে খেলেছি। তবে আমার কাছে মনে হয়, বলটা একটু পুরনো হলেই আমার জন্য ভালো। বিশেষ করে সাত-আট ওভার পর। সেজন্যই আমি চারে খেলতাম। চার নাম্বারে আমার রেকর্ডও ভালো ছিল। তবে এখন টিম কম্বিনেশনের স্বার্থে তিনে খেলতে হবে। আশা করি রান করতে পারবো।" অবশ্য তার তিনে ব্যাট করার পরিসংখ্যান সমৃদ্ধ নয়। ২৫ ম্যাচে মাত্র ১৮.৭৩ গড়ে ৪৩১ রান করেছেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি (১০৯) আছে বটে তবে ফিফটিও একটিই। অথচ ৪৫ ম্যাচে চার নাম্বারে নেমে ২৭.১৯ গড়ে করেছেন ১১৪২ রান। আটটি ফিফটির সঙ্গে একমাত্র সেঞ্চুরিটি কার্ডিফ মহাকাব্যের রচয়িতা, ২০০৫ সালে যে সেঞ্চুরি বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর অপার আনন্দে ভাসিয়েছিল বাংলাদেশকে।
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে আনন্দ বাঁধভাঙ্গা হবে না স্বাভাবিক। তবে আশরাফুলের গোটাকয়েক বড় ইনিংস নিশ্চয়ই দলকে অনেক স্বস্তিতে রাখবে মার্চে পাকিস্তান সিরিজের আগে। অবশ্য অস্বস্তি আছে দলের দুই ওপেনারকে নিয়েও। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন সেটা মেনে নিয়েই কোচ সিডন্স আশায় বুক বাঁধছেন, "ওপেনিংয়ে তামিম ও জুনায়েদ অনেকদিন হল রান পাচ্ছে না। তবে আমার কাছে মনে হচ্ছে, এই মুহূর্তে ওই পজিশনের জন্য তারাই সবচেয়ে যোগ্য। জাতীয় লিগের পারফরম্যান্স দিয়ে তেমন কেউ তো নিজের দাবি জোরালো করতে পারলো না। আশা করি সামনে তাদের জুটিটা ভালোই করবে।" সুশৃঙ্খল টপ অর্ডারের জন্য সেটাও যে খুব জরুরী!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24