২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজ্জীবিত দক্ষিণ আফ্রিকার সামনে ক্লার্কবিহীন অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বারের মতো টেস্ট সিরিজ জিতলেও দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে পরাজয় কিছুটা হতদ্যেম করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু শুক্রবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অ্যালবি মরকেলের দুর্দান্ত ব্যাটিংয়ে নাটকীয় জয় পেয়ে প্রোটিয়ারা আবার অনুপ্রাণিত। রোববার হোবার্টে দ্বিতীয় ওয়ানডেতে তাই উজ্জীবিত প্রতিপক্ষের সামনেই দাঁড়াতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ডান হাতের বুড়ো আঙ্গুলের চোটের কারণে যে ম্যাচে তারা পাচ্ছে না সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

হোবার্ট, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বারের মতো টেস্ট সিরিজ জিতলেও দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে পরাজয় কিছুটা হতদ্যেম করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু শুক্রবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অ্যালবি মরকেলের দুর্দান্ত ব্যাটিংয়ে নাটকীয় জয় পেয়ে প্রোটিয়ারা আবার অনুপ্রাণিত। রোববার হোবার্টে দ্বিতীয় ওয়ানডেতে তাই উজ্জীবিত প্রতিপক্ষের সামনেই দাঁড়াতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ডান হাতের বুড়ো আঙ্গুলের চোটের কারণে যে ম্যাচে তারা পাচ্ছে না সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ককে। বেশ কিছু দিন ধরেই ক্লার্ককে ভোগাচ্ছে চোটটা। ব্যথা নিয়েই শুক্রবার মেলবোর্ন ক্রিকেট মাঠে নেমে ১৯ রান করার পর পাঁচ ওভারে ২৯ রানের বিনিময়ে জ্যাক ক্যালিসের মূল্যবান উইকেট নিয়েছেন তিনি। কিন্তু ম্যাচটা যেমন জিততে পারেনি তেমনি ক্লার্ককেও ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। দলের গুরুত্বপূর্ণ সদস্য বলেই তাকে নিয়ে ঝুঁকি নিতেও চাইছে না পন্টিংয়ের দল। দুই সপ্তাহের জন্য ক্লার্ককে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া (যার অর্থ সিরিজের বাকি চার ম্যাচে আর খেলতে পারবেন না তিনি) অস্ট্রেলীয়দের আশা, নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১ ফেব্র"য়ারি থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া আরেকটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পাওয়া যাবে সহ-অধিনায়ককে। ক্লার্কের অনুপস্থিতি কপাল খুলে দিয়েছে ডেভিড ওয়ার্নারের। রোববার শন মার্শের সঙ্গে খুব সম্ভবত তিনিই ওপেন করতে যাচ্ছেন। প্রথম টোয়েন্টি টোয়েন্টিতে অভিষেকেই ৮৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে হৈ-চৈ ফেলে দেয়া (কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ না খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত প্রথম অস্ট্রেলীয় ক্রিকেটারও তিনি) ওয়ার্নারকে হোবার্টের বেলেরিভ ওভালে ওপেনারের ভূমিকায় দেখা গেলে মাইকেল হাসি ফিরে যাবেন মিডল অর্ডারে। শুক্রবার মার্শের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাধা হাসি মাত্র ৬ রান করতে পেরেছেন। এছাড়া হোবার্টের ধীরগতির উইকেটের কারণে অফস্পিনার নাথান হরিজকে প্রথম একাদশে রাখতে পারে স্বাগতিকরা। সেক্ষেত্রে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৫১ রান দিয়ে উইকেটশূন্য থাকা জেমস হোপসের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। বড় ধরণের পরিবর্তন আসতে পারে দক্ষিণ আফ্রিকা দলেও। শুক্রবার ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পাওয়ায় মূল স্ট্রাইক বোলার ডেল স্টেইনকে বিশ্রাম দিয়ে তার জায়গায় মাখায়া এনটিনিকে দলে রাখতে পারে তারা। ফিরতে পারেন নিতম্বের ব্যথার জন্য প্রথম ম্যাচ মিস করা এবি ডি ভিলিয়ার্সও। আর তাহলে খুব সম্ভবত প্রথম একাদশের বাইরে থাকবেন সেদিনই অভিষিক্ত ভন ভ্যান জার্সফেল্ড। বিবিসি ও ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৭ঘ.