২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরকেল-ঝড়ে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়

মেলবোর্ন ক্রিকেট মাঠে তখন ঠিক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো উত্তেজনা! জয়ের জন্য শেষ পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৫০ রান, হাতে উইকেট মাত্র তিনটি। ঠিক সেই সময় এমসিজিতে মুরালিধরনের ভূমিকায় অবতীর্ণ হলেন অ্যালবি মরকেল। তার ১৮ বলে অপরাজিত ৪০ রানের এক ঝড়ো ইনিংসের সুবাদে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিন উইকেটের নাটকীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

মেলবোর্ন, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলবোর্ন ক্রিকেট মাঠে তখন ঠিক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো উত্তেজনা! জয়ের জন্য শেষ পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৫০ রান, হাতে উইকেট মাত্র তিনটি। ঠিক সেই সময় এমসিজিতে মুরালিধরনের ভূমিকায় অবতীর্ণ হলেন অ্যালবি মরকেল। তার ১৮ বলে অপরাজিত ৪০ রানের এক ঝড়ো ইনিংসের সুবাদে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিন উইকেটের নাটকীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে ওপেনার মাইকেল হাসিকে হারালেও শন মার্শ (৭৯) ও অধিনায়ক রিকি পন্টিংয়ের (৪৬) ৯৪ রানের জুটিতে ধাক্কাটা ভালোমতোই সামলে উঠেছে অস্ট্রেলিয়া। এ দুজনের সঙ্গে ডেভিড হাসির (৫০ বলে ৫২) আক্রমণাত্মক ইনিংসের যোগফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল স্বাগতিকরা। প্রোটিয়াদের পক্ষে দুটো করে উইকেট নিয়েছেন দুই ভাই অ্যালবি ও মর্নে মরকেল এবং অধিনায়ক জোহান বোথা। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার সূচনা মোটেও ভালো হয়নি। দলীয় ৪ রানে হাশিম আমলাকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন শন টেইট। প্রাথমিক বিপদ থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করছিলেন হার্শেল গিবস (২২) ও জ্যাক ক্যালিস (৪১)। কিন্তু ৩৬ রানে গিবস ও ৯০ রানে ক্যালিস ফিরে গেলে আবার দুশ্চিন্তায় পড়ে যায় প্রোটিয়ারা। চতুর্থ উইকেটে নিল ম্যাকেঞ্জির (৬৩) সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে সেই দুশ্চিন্তা কাটিয়ে ওঠার পাশাপাশি দলকে আস্তে আস্তে লক্ষ্যের দিকেও নিয়ে যাচ্ছিলেন দারুণ ফর্মে থাকা জেপি ডুমিনি (৭১)। তবে মাত্র ৮ রানের ব্যবধানে এ দুজন সহ মার্ক বাউচার ও ভন ভ্যান জার্সফেল্ডকে হারিয়ে আবার পরাজয়ের শঙ্কায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৪তম ওভারে ম্যাকেঞ্জি ফিরে যাওয়ার সময় প্রোটিয়াদের স্কোর ছিল ৭ উইকেটে ২২১। ঠিক তখনই অ্যালবি মরকেলের আগমন। ৪৫ ওভারশেষে ২২২ রান ওঠায় শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৫০ রানের। পরের তিন ওভারে ১২, ১৩ ও ১৮ রান নিয়ে লক্ষ্যটাকে হাতের মুঠোয় নিয়ে আসেন মরকেল। বোথাকে (১২*) নিয়ে তিন বল হাতে রেখে বাকি কাজটুকু সারতে তার একটুও সমস্যা হয়নি। দুই উইকেট এবং চার বাউন্ডারি ও এক ছক্কাসমৃদ্ধ দুর্দান্ত ইনিংসটার জন্য তিনিই ম্যান অব দ্য ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৭১/৮ (মার্শ ৭৯, মাইকেল হাসি ৬, পন্টিং ৪৬, ক্লার্ক ১৯, ডেভিড হাসি ৫২, হোয়াইট ২১, হ্যাডিন ১৯, হোপস ২, ব্র্যাকেন ১২*, হিলফেনহস ১*, অতিরিক্ত ১৪; স্টেইন ১/৪৯, অ্যালবি মরকেল ২/৫৮, ক্যালিস ০/৩৫, মর্নে মরকেল ২/৬৮, বোথা ২/৫০, ডুমিনি ০/৬) দক্ষিণ আফ্রিকা : ৪৯.৩ ওভারে ২৭২/৭ (গিবস ২২, আমলা ১, ক্যালিস ৪১, ডুমিনি ৭১, ম্যাকেঞ্জি ৬৩, বাউচার ০, ভ্যান জার্সফেল্ড ৪, অ্যালবি মরকেল ৪০*, বোথা ১২*, অতিরিক্ত ১৮; ব্র্র্যাকেন ১/৪৯, টেইট ২/৪৩, হিলফেনহস ২/৫৫, হোপস ০/৫১, হাসি ০/৩৫, ক্লার্ক ১/২৯)। ফল : দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : অ্যালবি মরকেল। বিবিসির সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২০ঘ.