২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যান মুরালিধরনের কাছে হারলো বাংলাদেশ

তৃতীয় ওভারে প্রথম রান, ৬ রানে পাঁচ উইকেট হারানোর পর দশম ওভারে গিয়ে প্রথম বাউন্ডারি। শুরুটা মোটেই শ্রীলঙ্কার মতো নয়, কিন্তু কুমার সাঙ্গাকারা, ফারভিজ মাহারুফ আর তারপর ব্যাটসম্যান মুরালিধরনের কল্যাণে শেষটা ঠিকই নিজেদের মতো করে নিয়েছে শ্রীলঙ্কা। গ্রামীনফোন তিনজাতি সিরিজের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে জিতে নিয়েছে শিরোপা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় ওভারে প্রথম রান, ৬ রানে পাঁচ উইকেট হারানোর পর দশম ওভারে গিয়ে প্রথম বাউন্ডারি। শুরুটা মোটেই শ্রীলঙ্কার মতো নয়, কিন্তু কুমার সাঙ্গাকারা, ফারভিজ মাহারুফ আর তারপর ব্যাটসম্যান মুরালিধরনের কল্যাণে শেষটা ঠিকই নিজেদের মতো করে নিয়েছে শ্রীলঙ্কা। গ্রামীনফোন তিনজাতি সিরিজের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে জিতে নিয়েছে শিরোপা! ৪৪তম ওভারে সাঙ্গাকারা (৬৫) যখন বিদায় নেন, গ্যালারিতে তখন জয়ের উল্লাস। কিন্তু সেটা বদলে দিয়েছেন ব্যাটসম্যান মুত্তিয়া মুরালিধরন। দুটি ছক্কা আর চারটি বাউন্ডারিতে ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলার পথে রুবেলের একটি ওভারেই তিনি শেষ বারের মতো বদলে দিয়েছেন ম্যাচের গতি প্রকৃতি। ম্যাচের ৪৬তম ওভার থেকে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কাসহ নিয়েছেন ২০ রান। তার ওই ঝড়ের কারণেই ১১ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নিয়েছে ১৯৯৬'র বিশ্বকাপজয়ীরা। এর আগে শ্রীলঙ্কার ইনিংসটাকে খাদের কিনার থেকে টেনে তুলেছেন আসলে সাঙ্গাকারা। ৬ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে জিহান মুবারককে নিয়ে ৪৫ আর সপ্তম উইকেটে মাহারুফকে (৩৮*) নিয়ে ৬৫ রান তুলে এই বাঁহাতিই শ্রীলঙ্কাকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ৪৪তম ওভারে এক হাতে নেওয়া দুর্দান্ত এক রিটার্ন ক্যাচে তাকে ফেরানোর দু বল পরেই নুয়ান কুলাসেকারাকেও (০) বোল্ড করে দিয়ে গ্যালারিতে স্বপ্নের রঙ ছড়িয়ে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার সাকিব। দুদিন আগেই গ্র"প ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে আশাবাদী হয়ে ওঠা দর্শকরা শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি ভরে ফেলেছিলেন। টস হেরে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ১৫২ রান তুলে অলআউট হয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই ভরা গ্যালারিকে তেমন মাতাতে না পারলেও নাজমুল হোসেন (৩/৩০) আর মাশরাফি বিন মর্তুজাদের (১/১৮) বোলিং গ্যালারিকে রাঙিয়ে তুলেছিল স্বপ্নের রঙে। কিন্তু শেষ পর্যন্ত পুরণ হয়নি সেই স্বপ্ন। কাকতালীয়ভাবে বাংলাদেশের ইনিংসটাও গড়ে উঠেছে ষষ্ঠ আর সপ্তম উইকেটে দুটি বড় জুটির ওপর ভর করে। ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহর (২৬) সঙ্গে ৪৬ রানের জুটি গড়ার পর সপ্তম উইকেটে নাইম ইসলামকে (২১) নিয়ে আরো ৫৩ রান যোগ করেছে রকিবুল হাসান (অপরাজিত ৪৩) স্বপ্ন দেখাচ্ছিলেন ৫৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে। কিন্তু ১ রানে শেষ চার উইকেট হারিয়ে সেই স্বপ্নের অনেকটাই বিসর্জন দিয়েছে আশরাফুলের দল। জবাব দিতে নেমে প্রথম বলেই সনাৎ জয়াসুরিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা। এক্সট্রা কভার থেকে সাকিব আল হাসানের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়েছেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে ম্যাচের চিত্র অনেকটাই বদলে দিয়েছেন নাজমুল। প্রথম দুটি ওভার মেডেন নেওয়ার পর নিজের তৃতীয় ওভারের প্রথম বলে উপুল থারাঙ্গা (২) আর এক বল পরেই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে (০) ফিরিয়ে দিয়েছেন তিনি। উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন দুজনই। আর পরের ওভারে থিলিনা তুষারাকে (১) বোল্ড করেছেন তিনি। অষ্টম ওভার শেষে তার বোলিং বিশ্লেষণ ছিল ৪-৩-১-৩! মাঝে মাশরাফির বলে দ্বিতীয় স্লিপে জুনায়েদ সিদ্দিকীর ক্যাচের শিকার হয়েছেন চামারা কাপুগেদারা (১)। আরো একটা উইকেট পেতেই পারতেন মাশরাফি। একাদশ ওভারে তার বলে একটা সুযোগ দিয়েছিলেন মুবারক, কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো তামিম ইকবাল অনেকটা লাফিয়েও হাতে জমাতে পারেননি ক্যাচটা। মাশরাফির পরের ওভারে মুবারকের আরেকটি ক্যাচ অল্পের জন্য পড়েছে স্লিপে দাঁড়ানো জুনায়েদের সামনে। সাঙ্গাকারার লড়াই শুরু সেখান থেকেই। মিডঅফ থেকে নাইম ইসলামের দুর্দান্ত এক থ্রোয়ে মুবারকের রান আউটে একটু ধাক্কা খেলেও মাহারুফকে নিয়ে শ্রীলঙ্কাকে জয়ের পথেই এগিয়ে নিচ্ছিলেন এই বাঁহাতি। শুরু আর শেষের বিপর্যয়ই সর্বনাশ করেছে বাংলাদেশের। ৫৪ রানে প্রথম পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ (২৬) আর রকিবুল হাসানের (অপরাজিত ৪৩) ৪২ রানে জুটিতে ঘুরে দাঁড়ানোর পালা শুরু করেছিল মোহাম্মদ আশরাফুলের দল। এরপর নাইম ইসলামকে (২১) নিয়ে সপ্তম উইকেটে আরো ৫৩ রান যোগ করেছেন রকিবুল, কিন্তু নাইমের বিদায়ে শুরু হওয়া আরেকটি ঝড়ে ১২ বলে মাত্র ১ রানেই শেষ চার উইকেট হারিয়েছে তারা। গ্র"প ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের কারণেই শুক্রবার সকাল থেকেই ভরা শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি। কিন্তু দর্শকদের সেই প্রত্যাশা পুরণ হয়নি মোটেই। দুদিন আগের মতো কুয়াশার চাদরে ঢাকা ছিল না সকালটা, টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে তবু ফিল্ডিং নিতে দ্বিধা করেননি। আর তার এই সিদ্ধান্তটা কার্যকর প্রমাণ করেছেন নুয়ান কুলাসেকারা। ৮ ওভারের দুর্দান্ত এক স্পেলে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তিনিই। আর দুই স্পিনার অজন্তা মেন্ডিস (৩/২৫) ও মুত্তিয়া মুরালিধরন (২/৩৩) মিলে শেষ করেছেন স্বাগতিকদের ইনিংসের লেজটুকু। নিজের দ্বিতীয় আর ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দিয়েছেন কুলাসেকারা। আগের ম্যাচে কোনো বল না খেলেই রান আউটের শিকার হওয়া জুনায়েদ সিদ্দিকী (১) এবার আর কোনো দুর্ভাগ্যের শিকার নন, অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে উইকেট কিপার কুমার সাঙ্গাকারার দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন তিনি। কুলাসেকারার পরের ওভারেই মুশফিকুর রহিম এই টুর্নামেন্টে তার ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স ধরে রেখে ফিরে গেছেন ৪ রানে। ফ্রন্টফুটে ডিফেন্স করতে গিয়েও ঠিকমতো করতে পারেননি তিনি, বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হেনেছে স্টাম্পে। আর প্রথম স্পেলের শেষ ওভারে তামিম ইকবালকেও উইকেটের পিছনে সাঙ্গাকারার শিকার বানিয়েছেন কুলাসেকারা। ১৮ রান করতে ৪২ বল খেলেছেন তামিম। এর আগে বাংলাদেশকে আরেকটা ধাক্কা দিয়েছেন ও অ্যানজেলো ম্যাথ্যুসের জায়গায় এই ম্যাচের দলে ফেরা ফারভিজ মাহারুফ। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (১৩) ফিরিয়ে দিয়েছেন তিনি। উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন আশরাফুলও। আর তামিমের বিদায়ের পর ফিরে গেছেন যাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল সেই সাকিব আল হাসানও। আগের ম্যাচে ৯২ রানের দুর্দান্ত ম্যাচজেতানো ইনিংস খেলা এই বাঁহাতিকে ফিরিয়েছেন থিলিনা তুষারা, সাঙ্গাকারা নিয়েছেন তার চতুর্থ ক্যাচটি। রকিবুল আর মাহমুদউল্লাহর লড়াই শুরু সেখান থেকেই। ইনিংসের একমাত্র ছক্কা আর দুটি চারে ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহকে ফিরিয়ে ওই জুটিটা ভেঙেছেন মুরালিধরন। এই অফস্পিনারের বলে প্লেড অন হয়ে গেছেন মাহমুদউল্লাহ। আর নাইমকে ফিরিয়ে শেষ ঝড়টা শুরু করেছেন মেন্ডিস। ৪৪তম ওভারে নেওয়া তৃতীয় পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টায় উইকেট ছেড়ে বেরিয়ে মেন্ডিসকে উড়িয়ে মারতে চেয়েছিলেন নাইম, কিন্তু বল চলে গেছে মিড অনে দাঁড়ানো জিহান মুবারকের হাতে। দুবল পরেই ফিরে গেছেন মাশরাফি বিন মর্তুজাও, সুইপ করে ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি । পরের ওভারে মুরালিধরনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন এই ম্যাচে দলে ফেরা নাজমুল হোসেন, আর মেন্ডিসের পরের ওভারে রুবেল হোসেন ক্যাচ দিয়েছেন ডিপ স্কোয়ার লেগে। বাংলাদেশের শেষ তিন ব্যাটসম্যানের কেউই পারেননি রানের খাতা খুলতে। আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারা শ্রীলঙ্কা দলে পরিবর্তন একটাই, বাংলাদেশ দলেও তা-ই। শ্রীলঙ্কা দলে অ্যানজেলো ম্যাথুসের জায়গায় এসেছেন ফারভিজ মাহারুফ, বাংলাদেশ পেসার মাহবুবুল আলমের জায়গায় দলে রেখেছে নাজমুল হোসেনকে। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ৪৯.২ ওভারে ১৫২ (রকিবুল ৪৩*, মাহমুদউল্লাহ ২৬, নাইম ২১, আশরাফুল ১৩; কুলাসেকারা ৩/১৯, মেন্ডিস ৩/২৫, মুরালিধরন ২/৩৩) শ্রীলঙ্কা : ৪৮.১ ওভারে ১৫৩/৮ (সাঙ্গাকারা ৬৫, মুবারক ১৬, মাহারুফ ৩৮*, মুরালিধরন ৩৩*, নাজমুল ৩/৩০, মাশরাফি ১/১৮, সাকিব ২/২২) ফল : শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী ম্যান অফ দ্য ম্যাচ : কুমার সাঙ্গাকারা ম্যান অফ দ্য সিরিজ : সাকিব আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪১৪ ঘ.