২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকেই ওয়ার্নারের ব্যাটে আগুন

খেলাটা ২২ জনের, কিন্তু লড়াই হলো আসলে দুজনের মধ্যে --- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। যে লড়াইয়ে বিজয়ী অভিষিক্ত ওয়ার্নার ও তার দল। তার এক ঝড়ো ইনিংসের সুবাদে শনিবার প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৫২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

মেলবোর্ন, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলাটা ২২ জনের, কিন্তু লড়াই হলো আসলে দুজনের মধ্যে --- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। যে লড়াইয়ে বিজয়ী অভিষিক্ত ওয়ার্নার ও তার দল। তার এক ঝড়ো ইনিংসের সুবাদে শনিবার প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৫২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, কোনো ফার্স্ট ক্লাস ম্যাচও খেলার সুযোগ হয়নি নিউ সাউথ ওয়েলসের ওয়ার্নারের। ফার্স্ট ক্লাস ম্যাচ না খেলেও অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করা প্রথম ক্রিকেটারের গৌরবটা তাই এখন তারই দখলে। সেই গৌরবকে সঙ্গে নিয়ে মাঠে নেমে মেলবোর্ন ক্রিকেট মাঠে ঝড় তুলেছেন ওয়ার্নার। ২২ বছর বয়সী বাঁহাতি ওপেনারের ৭ বাউন্ডারি ও ৬ ছক্কাসমৃদ্ধ ৪৩ বলে ৮৯ রানের আক্রমণাত্মক ইনিংসের সুবাদেই ৯ উইকেটে ১৮২ রানের স্বস্তিদায়ক সংগ্রহ গড়তে পেরেছে টসজয়ী অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে অধিনায়ক রিকি পন্টিংয়ের ব্যাট থেকে। জবাব দিতে নেমে মাত্র ১২ রানে ৩ উইকেট হারালেও প্রোটিয়াদের আশা ধরে রেখেছিলেন ডুমিনি। তার ৪৮ বলে ৭৮ রানের জন্যই জয়ের স্বপ্ন দেখতে পারছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডেভিড হাসির বলে ডুমিনি এলবিডব্লু হওয়ার পর আর পেরে ওঠেনি তারা, ১৮ ওভারে অলআউট হয়ে গেছে ১৩০ রানে। ২৫ রানের বিনিময়ে ডুমিনির মূল্যবান উইকেটসহ ৩টি উইকেট নেয়া ডেভিড হাসি অস্ট্রেলিয়ার সেরা বোলার। তবে অভিষেকেই দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ওয়ার্নারের হাতে। দ্বিতীয় ও শেষ টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ব্রিসবেনে। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৮২/৯ (ওয়ার্নার ৮৯, পন্টিং ২১, ডেভিড হাসি ১৯; স্টেইন ৩/৩৮, অ্যালবি মরকেল ২/৩০, এনটিনি ২/৪০) দক্ষিণ আফ্রিকা : ১৮ ওভারে ১৩০ (ডুমিনি ৭৮, অ্যালবি মরকেল ১২; ডেভিড হাসি ৩/২৫, হিলফেনহস ২/১৫, ব্র্যাকেন ২/১৮, টেইট ২/৩৬) ফল : অস্ট্রেলিয়া ৫২ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড ওয়ার্নার। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/