ঢাকা, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সময় বোধহয় এমনই ভোঁতা করে দেয় একান্ত আপন অনুভূতিগুলোকে! ২০০৭-এর ১৭ মার্চ ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে বাংলাদেশ যে ভারতকে হারিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই তাদের বিদায় প্রায় নিশ্চিত করে দিয়েছিল, তার পেছনে ছিল মানজারুল ইসলাম রানার মৃত্যুশোককে শক্তিতে পরিণত করার গল্প। ওই ঘটনার প্রায় দুই বছর পর মোহাম্মদ আশরাফুলদের সামনে ছিল রানার জন্য আরেকটি জয় উৎসর্গ করার সুযোগ। কিন্তু আশরাফুলরা তা পারেননি। শনিবার গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ের উদ্বোধনী ম্যাচটা যে ছিল রানার বেনিফিট ম্যাচ!
এই ম্যাচের টিকেট বিক্রি থেকে অর্জিত আয়ের পুরোটাই রানার পরিবারের হাতে তুলে দেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অকালেই দেয়ালে টানানো ছবি হয়ে যাওয়া এই ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকে এই ম্যাচে উপস্থিত ছিলেন তার বড় ভাই কাজী মাজহারুল ইসলাম। ম্যাচশেষে তাকে পুরস্কার প্রদান মঞ্চে তুলে প্রয়াত ক্রিকেটারকে আরো সন্মানিত করার যে চেষ্টা করেছে বিসিবি, সেটাও সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু রানার সতীর্থরা এদিন বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সমবেত ধিক্কারের শিকার হলেও অবাক হওয়ার কিছু ছিল না।
জিম্বাবুয়ের কাছে ৩৮ রানের হারে আগামী ১৬ জানুয়ারির ফাইনালে দর্শক বনে যাওয়া নিশ্চিত হয়ে গেছে প্রায়। রানার জন্যও কী এই ম্যাচটা জিততে চায়নি বাংলাদেশ? প্রশ্নটা করে বিস্ময়ে বিমূঢ় হওয়ার দশা। রানার জন্য সবচেয়ে বেশি শোকে মুহ্যমান ছিলেন যিনি, যিনি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন, যিনি ক্রিকেটাঙ্গনে রানার প্রিয়তম বন্ধু ছিলেন সেই মাশরাফি বিন মর্তুজা এ বিষয়টা নিয়ে রীতিমতো অন্ধকারেই ছিলেন, "এটা যে রানার বেনিফিট ম্যাচ ছিল, আমি তা জানতামই না। কেউ আমাকে জানায়ওনি। ম্যাচশেষে রানার বড় ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরই জানতে পারি বিষয়টা। অ্যাশ (বাংলাদেশ অধিনায়ক আশরাফুল) নাকি জানতো। কিন্তু কই, আমাদের টিম মিটিংয়ে তো এটা নিয়ে কোনো কথাই হয়নি।"
ক্রিকেটে রানার সবচেয়ে কাছের মানুষেরই যখন এই অবস্থা, তখন অন্যদের কথা না বললেও চলছে। এটাও না বললে চলছে যে সময়ই বোধহয় সবচেয়ে বড় ঘাতক!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪০ঘ.
bdnews24