ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের ইনিংসে ব্যাট হাতে লড়াই করেছেন একাই, বাংলাদেশের ইনিংসে সেই কাজটা যিনি করছিলেন বল হাতে নিজের প্রথম ওভারে সেই সাকিব আল হাসানকে যখন ফিরিয়ে দিলেন এলটন চিগুম্বুরা, ম্যাচটা আসলে শেষ হয়ে গেছে সেখানেই। নাইম ইসলাম, মাহবুবুল আলমরা এরপর কেবল হারের ব্যবধানটাই কমিয়েছেন বাংলাদেশের। শেষ পর্যন্ত কমে সেটা দাঁড়িয়েছে ৩৮, গ্রামীণফোন তিন জাতি সিরিজের উদ্বোধনী ম্যাচে ২০৬ রানে টার্গেট তাড়া করতে নেমে ১৬৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
এর আগে দুই স্পিনার সাকিব (৩/২৩) আর নাইমের (৩/৩২) দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ৫০ ওভারে ৮ উইকেটে ২০৫ রানে বেঁধে রেখে আশা জাগিয়েছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের পক্ষে ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন অধিনায়ক প্রসপার উতসেইয়া, ভালো বোলিং করেছেন অন্য দুই স্পিনার কিথ দাবেংওয়া (১/৩০) আর রেমন্ড প্রাইসও (২/৩৫), কিন্তু হাতের মুঠোয় পেয়েও ম্যাচটা হেরে যাওয়ার জন্য আসলে দায়ী বাংলাদেশের ব্যাটসম্যানরাই। আত্মহত্যার মিছিলেই যেন মেতেছিলেন তারা, এমনকি ইনিংসের সর্বোচ্চ স্কোরার সাকিবও ব্যতিক্রম নন। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৩ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দারুণ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ৫২ রান করার পর অনিয়মিত বোলার চিগুম্বুরার মৃদু গতির আউটসুইঙ্গারকে অলস ভঙ্গিতে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেট কিপার টাটেন্ডা টাইবুর হাতে তুলে দিয়েছেন এই বাঁহাতি। অথচ ততক্ষণে উইকেটে দারুণ সেট হয়ে যাওয়া সাকিবের হাতেই ছিল ম্যাচের চাবিকাঠি!
সাকিব তো তবু লড়াই করেছেন, মোহাম্মদ আশরাফুল তাও পারেননি। তার ১৭ রানের ইনিংসটায় সম্ভাবনার দ্যূতি যতটা ছিল, ততটাই ছিল দায়িত্বহীনতার দায়। ১০ রানে দুই উইকেট হারানোর পর ইনিংস মেরামতির কাজটা শুরু করেছিলেন তামিম ইকবালকে সঙ্গে নিয়ে, কিন্তু অবিশ্বাস্য এক ভুল বোঝাবুঝিতে তামিমকে (১৭) রান আউট করানোর এক বল পরেই নিজেও আত্মহত্যা করেছেন তিনি। অকারণে ঝুঁকি নিয়ে উতসেইয়াকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। দুই উইকেটে ৩২ থেকে নিমেষেই বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৩।
সাকিবের লড়াই শুরু সেখান থেকেই। পঞ্চম উইকেটে রকিবুল হাসানকে (২৩) নিয়ে ৫২ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছিলেন তিনি। বাঁহাতি স্পিনার কিথ দাবেংওয়ার নিরীহ দর্শন এক আর্ম বলে বোল্ড হয়ে রকিবুলের বিদায়ে সেই জুটি ভাঙার পর অকারণ ঝুঁকি নিতে গিয়ে জিম্বাবুয়েকে উইকেট উপহার দিয়েছেন আরেক স্পেশালিস্ট ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র (৩)। রেমন্ড প্রাইসের বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে টাটেন্ডা টাইবুর স্টাম্পিংয়ের শিকার হয়েছেন তিনি।
তখনো উইকেটে ছিলেন সাকিব, ছিলেন বল হাতে বাংলাদেশের সাফল্যের আরেক নায়ক নাইম ইসলামও। সপ্তম উইকেটে তাদের ৩১ রানের জুটি যখন আরেকবার আশা জাগাচ্ছিল, তখনই সাকিবের বিদায়।
৫২ বলে ২১ রানের ইনিংস খেলা নাইম আর বাংলাদেশের শেষ ভরসা মাশরাফি বিন মর্তুজা (৩) দুজনই এরপর রানআউটের শিকার হয়েছেন, আর শেষ উইকেটে ২১ রানের জুটি গড়ার পর মাহবুবুল আলম (২২) রেমন্ড প্রাইসের বলে লংঅনে ক্যাচ দিয়েছেন স্টুয়ার্ট মাতসিকেনিয়েরির হাতে।
বাংলাদেশের পক্ষে প্রথম আউট হওয়া ওপেনার জুনায়েদ সিদ্দিকী (০) নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। দ্বিতীয় ওভারেই বল হাতে নেওয়া জিম্বাবুয়ের অধিনায়ক ও অফস্পিনার প্রসপার উতসেইয়ার বলে তাকে এলবিডব্লু ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার বিলি ডকট্রোভ, যদিও রিপ্লেতে দেখা গেছে বলটি অফস্টাম্পের অনেক বাইরে পড়েছিল আর দীর্ঘদেহী জুনায়েদও সেটা খেলেছিলেন ফ্রন্টফুটে।
তার বিদায়ের পর ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া উইকেটকিপার মুশফিকুর রহিম (০) আউট হয়েছেন পেসার এডওয়ার্ড রেইন্সফোর্ডের বল বুঝতে না পেরে। অফস্টাম্পের ঠিক বাইরে পড়া বলটি ছেড়ে দিয়েছিলেন তিনি, কিন্তু ইনসুইং করে সেটা আঘাত হেনেছে স্টাম্পে।
বাংলাদেশকে জয়ের স্বপ্নটা দেখিয়েছিল সাকিব আর নাইমের বোলিং। গত কিছুদিন ধরেই বাংলাদেশের সেরা বোলার হয়ে ওঠা সাকিব তার বাঁহাতি স্পিনে ১০ ওভারে তিনটি মেডেনসহ ২৩ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট, আর অফস্পিনার নাইম তিন উইকেট নিতে ১০ ওভারে খরচ করেছেন ৩২ রান। তাদের ঘুর্ণি বলের সামনে জিম্বাবুয়ের হয়ে বুক চিতিয়ে লড়েছেন কেবল এলটন চিগুম্বুরা। এক বল বাকি থাকতে রান আউট হওয়া এই ডানহাতির ৬৪ ইনিংসটার কল্যাণেই পুরো ৫০ ওভার খেলতে পেরেছে সফরকারীরা। ৯৫ বলের এই ইনিংসে পাঁচটি বাউন্ডারি আর ইনিংসের একমাত্র ছক্কাটি মেরেছেন তিনি। তার কল্যাণেই শেষ ৫ ওভারে ৫০ রান তুলেছে জিম্বাবুয়ে, এর ২০ রানই এসেছে মাহবুবুল আলমের করা ইনিংসের শেষ ওভার থেকে।
সাকিব আর নাইম বল হাতে নেওয়ার আগে জিম্বাবুয়ের ইনিংসটা কিন্তু এগিয়ে চলছিল স্বচ্ছন্দ গতিতেই। পঞ্চম ওভারেই মাশরাফি বিন মর্তুজার বলে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা (১৬) ফিরে যাওয়ার পরও ১৩ ওভার এক উইকেটে ৫৩ রানে পৌছে গিয়েছিল তারা। এমনকি নিজের প্রথম ওভারেই সাকিব অন্য ওপেনার ভুসিমুজি সিবান্দাকে (১৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে বিদায় করে দেওয়ার পরও ১৯ ওভার শেষে দুই উইকেটে ৮৮ রান ছিল জিম্বাবুয়ের। অন্য প্রান্তে এই ম্যাচেই দলে ফেরা পেসার নাজমুল হোসেনের অনিয়ন্ত্রিত বোলিংয়ের সুবিধা নিচ্ছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তবে তার জায়গায় অফস্পিনার নাইম বল হাতে নেওয়ার পরই বদলে গেছে পরিস্থিতি।
নাইমের প্রথম সাফল্যটা অবশ্য এসেছে অনেকটাই ভাগ্যের জোরে। অফস্টাম্পের বাইরের একটা ফুলটস বলকে রিভার্সসুইপ করতে গিয়েছিলেন টাটেন্ডা টাইবু (১৮), শর্ট থার্ডম্যান অঞ্চলে দাঁড়ানো মাশরাফি দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফিরিয়ে দিয়েছেন তাকে। নাইমের পরের ওভারে জিম্বাবুয়ের ইনিংসের সর্বোচ্চ স্কোরার স্টুয়ার্ট মাৎসিকেনিয়েরিও (৩৯) শিকার হয়েছেন আরেকটি অসাধারণ ক্যাচের। শর্ট মিড উইকেট থেকে ডান দিকে ঝাঁপিয়ে এই ক্যাচটা নিয়েছেন রাকিবুল হাসান।
আর তারপর সাকিবের বলে শন উইলিয়ামস (৩) এলবিডব্লুর ফাঁদে পড়লে ৬ রানের মধ্যে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
চিগুম্বুরার লড়াই শুরু সেখান থেকেই। কিথ দাবেংওয়া (১০), অধিনায়ক প্রসপার উতসেইয়া (৯) আর রেমন্ড প্রাইসকে (১৭) সঙ্গে নিয়ে ২৯, ৩২ আর ৩০ রানের তিনটি জুটি গড়ে তিনিই জিম্বাবুয়ের ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু সঙ্গীরা কেউই বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তাকে। আশা জাগানিয়া শুরু করেও উইকেট বিলিয়ে দিয়েছেন এই তিনজনই। নাইমকে সহজ একটা রিটার্ন ক্যাচ দিয়েছেন দাবেংওয়া, আর ৪৩তম ওভার থেকে নেওয়া তৃতীয় পাওয়ার প্লের সুবিধা নেওয়ার চেষ্টায় সাকিবকে সুইপ করতে গিয়ে উতসেইয়া ক্যাচ দিয়েছেন ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো মাহবুবুল আলমের হাতে, আর মাশরাফির বলে লং অনে সাকিবের হাতে ক্যাচ দিয়েছেন ১৬ বলের ইনিংসে দুটি বাউন্ডারি মারা প্রাইস।
ম্যাচের পঞ্চম আর নিজের চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন মাশরাফি। তিনি আপিল করেছিলেন এলবিডব্লুর জন্য। কিন্তু বলটা মাসাকাদজার (১৬) প্যাড-ব্যাট ছুঁয়ে উড়ে গেছে স্কয়ার লেগের দিকে, জমা পড়েছে সাকিব আল হাসানের বিশ্বস্ত হাতে। আম্পায়ার বিলি ডকট্রোভ আঙুল তুলেছেন তারপর। যার অর্থ, এলবিডব্লু নয়, ক্যাচের শিকার হয়েছেন জিম্বাবুয়ের এই ওপেনার।
এর আগে টস জিতে বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল প্রতিপক্ষকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাট করার। সকালের শিশির ভেজা উইকেট থেকে পেসাররা সুবিধা পেতে পারেন, এই ভাবনা থেকেই বাংলাদেশ দলে নেওয়া হয়েছে তিনজন পেসার। অফস্পিনার মাহমুদউল্লাহ পেয়েছেন দ্বাদশ ব্যক্তির দায়িত্ব। বাংলাদেশের হয়ে এই ম্যাচেই ওয়ানডে অভিষেক হয়েছে পেসার মাহবুবুল আলমের।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ৫০ ওভারে ২০৫/৯ (মাসাকাদজা ক সাকিব ব মাশরাফি ১৬, সিবান্দা এলবিডব্লু ব সাকিব ১৫, মাতসিকেনিয়েরি ক রাকিবুল ব নাইম ৩৯, টাইবু ক মাশরাফি ব নাইম ১৭, উইলিয়ামস এলবিডব্লু ব সাকিব ৩, দাবেংওয়া ক ও ব নাইম ১০, চিগুম্বুরা রান আউট ৬৪, উতসেইয়া ক মাহবুবুল ব সাকিব ৯, প্রাইস ক সাকিব ব মাশরাফি ১৭, মুপারিওয়া অপরাজিত ১, রেইন্সফোর্ড অপরাজিত ০, অতিরিক্ত ১৪; মাশরাফি ১০-০-৪১-২, মাহবুব ১০-১-৬৬-০, নাজমুল ৪-০-২৪-০, সাকিব ১০-৩-২৩-৩, নাইম ১০-০-৩২-৩, আশরাফুল ৪-১-৯-০, মেহরাব ২-০-৭-০)
বাংলাদেশ : ৪৬.২ ওভারে ১৬৭ (তামিম রান আউট ১৪, জুনায়েদ এলবিডব্লু ব উতসেইয়া ০, মুশফিক ব রেইন্সফোর্ড ০, আশরাফুল ক সিবান্দা ব উতসেইয়া ১৭, সাকিব ক টাইবু ব চিগুম্বুরা ৫২, রকিবুল ব দাবেংওয়া ২৩, মেহরাব জুনিয়র স্টা টাইবু ব প্রাইস ২, নাইম রানআউট ২১, মাশরাফি রান আউট ৩, মাহবুবুল ক মাতসিকেনিয়েরি ব প্রাইস ২২, নাজমুল অপরাজিত ৩; রেইন্সফোর্ড ৬-০-২৬-১, উতসেইয়া ১০-৩-২২-২, মুপারিওয়া ৫-০-২৯-০, দাবেংওয়া ১০-০-৩০-১, প্রাইস ৯.২-১-৩৫-২, চিগুম্বুরা ৬-০-২১-১)
ফল : জিম্বাবুয়ে ৩৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : এলটন চিগুম্বুরা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৫১ ঘ.
bdnews24