২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়ে অবসরের কথা ভাবছেন হেইডেন

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর অবসরের কথাও ভাবতে হচ্ছে ম্যাথু হেইডেনকে। আগামী অ্যাশেজ সিরিজের আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 05:18 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

সিডনি, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর অবসরের কথাও ভাবতে হচ্ছে ম্যাথু হেইডেনকে। আগামী অ্যাশেজ সিরিজের আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্য যে দল ঘোষণা করেছেন তাতে জায়গা হয়নি হেইডেনের। নিউ সাউথ ওয়েলসের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এসেছেন তার জায়গায়। ওয়ার্নার ছাড়াও এই সিরিজের দলে নতুন মুখ হিসেবে আছেন কুইন্সল্যান্ডের অলরাউন্ডার রায়ান হ্যারিস। সদ্য শেষ হওয়া সিডনি টেস্টে আঙুলে চোট পাওয়া সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ককে বিশ্রাম দেওয়া হয়েছে টোয়েন্টি-টোয়েন্টি দল থেকে, ফাস্ট বোলার মিচেল জনসন থাকছেন না পাঁচ ম্যাচের সিবি সিরিজের প্রথম তিন ম্যাচ পর্যন্ত। ওয়ানডেতে ১৬১ ম্যাচে ৬১৩৩ রান করা হেইডেন অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটির মালিক। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ওই ইনিংসটি খেলার পর ওই বছরেই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭৩.২২ গড়ে ৬৫৯ রান করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই ব্যাটে রান খরা চলছে তার। অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচটি তিনি খেলেছেন গত মার্চে, সিবি সিরিজের ফাইনালে। আরেকটি সিবি সিরিজের আগে তাকে দল থেকে বাদ দেওয়ার সময় নির্বাচক মণ্ডলীর প্রধান অ্যান্ড্রু হিলডিচ জানিয়েই দিয়েছেন, ওয়ানডে দলে তাকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই। এমনকি টেস্ট দলেও যে থাকবেন, সে ভরসা পাওয়ার উপায় নেই। গত মৌসুমে ১৬.৫৫ গড়ে মাত্র ১৪৯ রান করেছেন, তার মধ্যে ৬৪ রান এসেছে সদ্য শেষ হওয়া সিডনি টেস্টের দুই ইনিংস থেকে। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকায় ফিরতি সফরের দলে থাকাটা তাই অনিশ্চিত। অবসরের কথা না ভেবে তাই উপায় কি! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৪৫ ঘ.