ঢাকা, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার মতো অদ্ভুত বোলিং অ্যাকশন তাই ক্রিকেটাঙ্গনে রুবেল হোসেনের নামই হয়ে গিয়েছিল 'মালিঙ্গা'। জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের এই পেসার গত কিছুদিন ধরেই বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই প্রথমবারের মতো ঢুকে গেছেন বাংলাদেশ জাতীয় দলে। গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ঘোষিত ১৪ জনের দলে নতুন মুখ এই একজনই। মাশরাফি বিন মর্তুজা, মাহবুবুল আলম ও নামজুল হোসেনের সঙ্গে ১৯ বছরের এই তরুণ দলের চতুর্থ পেসার।
নাজমুলের মতো ওয়ানডে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং এনামুল হক জুনিয়রও। এদের মধ্যে এনামুলকে ফেরার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। ঠিক তিন বছর পর দলে ফিরলেন বড় দৈর্ঘ্যরে ম্যাচের সঙ্গেই বেশি মানানসই এই বাঁ হাতি স্পিনার। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার নাঈম ইসলামও। তবে ওয়ানডে দলে জায়গা হয়নি শ্রীলঙ্কার সঙ্গে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের দলে থাকা দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস ও রাজিন সালেহ এবং দুই পেসার শাহাদাত হোসেন ও সাজিদুল ইসলামের।
রুবেল হোসেনকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক রফিকুল আলম বলেছেন, "অনুর্ধ্ব-১৯, একাডেমী ও বাংলাদেশ 'এ' দলের হয়ে ভালো পারফরম করেছে রুবেল। ঘরোয়া প্রথম শ্রেনীর ক্রিকেটেও ওর পারফরম্যান্স নজরকাড়া। এরসঙ্গে যোগ হয়েছে বোলিংয়ে ওর বাড়তি গতি এবং ব্যতিক্রমী বোলিং অ্যাকশন। ও যেহেতু আক্রমণাত্মক বোলার, তাই ওকে আমরা সুযোগ দিয়েছি টেস্ট দলে থাকা সাজিদুলের জায়গায়, যে কিনা বড় দৈর্ঘ্যরে ম্যাচের জন্যই বেশি উপযুক্ত।"
আর নাজমুল এসেছেন শাহাদাত হোসেনের জায়গায়, কারণ, "গত বছর খেলা ওয়ানডেগুলোতে বেশ খরুচে বোলিং করেছে শাহাদাত। লাইন-লেন্থের ওপর নিয়ন্ত্রণ আছে, এমন একজনকেই দল চায়। নাজমুল সেই চাহিদা পূরণ করতে পারবে বলেই মনে হয়েছে আমাদের। তার মানে এই নয় যে শাহাদাত আমাদের পরিকল্পনা থেকে বাদ পড়ে গেল। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়াটাই ওর জন্য উপকারী হবে বলে মনে করছি। আমি নিশ্চিত অচিরেই ও আবার জাতীয় দলে ফিরে আসবে।"
সদ্যসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের প্রতিযোগীতায় ৫৪.৬১ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করা মাহমুদুল্লাহ রিয়াদের ফেরা প্রত্যাশিতই ছিল। বড় দৈর্ঘ্যরে ম্যাচে ঢাকা বিভাগের হয়ে শেষ চার ম্যাচেই সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে টেস্ট দলে সুযোগ না দিয়ে এখন ওয়ানডে দলে অন্তর্ভূক্তি একইসঙ্গে বিস্ময়করও। যদিও প্রধান নির্বাচক সে প্রসঙ্গে না গিয়ে বলেছেন, "দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার পেল রিয়াদ। দুর্ভাগ্য যে রিয়াদকে জায়গা দিতে গিয়ে আমরা বাদ দিয়েছি ইমরুল কায়েসকে যে কিনা সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে পারেনি।" আর রাজিন সালেহকে আপাতত টেস্টের জন্যই বিবেচনায় রাখার কথাও জানাতে ভোলেননি রফিকুল।
তবে ওয়ানডের জন্য বিবেচনার একদম বাইরে চলে গিয়ে এনামুল আবার কী করে ফিরলেন? রফিকুলের ভাষ্য অনুযায়ী এনামুলের অভিজ্ঞতা এক্ষেত্রে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা, "এই মুহূর্তে আমাদের হাতে রাজ্জাক নেই। একারণে ব্যাক-আপ হিসেবে একজন বিশেষজ্ঞ বোলার দরকার হয়ে পড়েছিল। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে এনামের রেকর্ডও দুর্দান্ত। আমরা সোহরাওয়ার্দী শুভ'র (সদ্যসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বাধিক উইকেটধারী) কথাও ভেবেছি। কিন্তু ওর জন্য জায়গা বের করা যায়নি। কেননা ইতিমধ্যেই আমাদের দলে রিয়াদ, মেহরাব জুনিয়র ও নাঈমের মতো তিনজন মাল্টিস্কিল ক্রিকেটার আছে।"
১০ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গ্রামীণফোন ত্রিদেশীয় কাপ। ১২ জানুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। স্বাগতিকরা ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। ফাইনাল ১৬ জানুয়ারি। আর গ্রামীণফোন ওয়ানডে সিরিজের বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ তিনটি হবে ১৯, ২১ ও ২৩ জানুয়ারি।
১৪ জনের বাংলাদেশ দল : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহবুবুল আলম, নাজমুল হোসেন, রুবেল হোসেন এবং এনামুল হক জুনিয়র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24