ঢাকা, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একদিনেই ২২ উইকেটের পতন দেখেছে জিম্বাবুয়ে ও জিপি-বিসিবি একাডেমীর তিনদিনের ম্যাচের প্রথম দিন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পাল্লা দিয়ে ব্যর্থ হয়েছেন দু'দলের ব্যাটসম্যানরা। সুবাদে প্রথম দিনশেষেই ফলাফলের সম্ভাবনা জেগেছে। টসজয়ী জিম্বাবুয়ের প্রথম ইনিংস মাত্র ৮৯ রানে শেষ করে দেওয়ার পর একাডেমী গুটিয়ে গেছে আরো কমে, ৫৯ রানে! জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের অবস্থা অবশ্য প্রথম দিনশেষে ততোটা খারাপ নয়, ২ উইকেটে ১৩৩ রান।
ওপেনিংয়ে ৩৫ রান উঠে যাওয়ার পর জিম্বাবুয়ের প্রথম ইনিংস তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে ভাবা যায়নি। ৪০ রানে তারা শেষ ৯ উইকেট হারায়। একাডেমীর দুই পেসার সাজিদুল ইসলাম ও নাজমুল হোসেন মিলেই শেষ করে দেন প্রতিপক্ষের প্রথম ইনিংস। নাজমুল (৪/২৮) টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার পর বাঁ হাতি পেসার সাজিদুলের (৬.৩-১-১৪-৫) অসাধারণ এক স্পেল জিম্বাবুয়েকে ২১.৩ ওভারে একশো'র নীচে অলআউটের লজ্জায় ফেলে। তাদের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেছেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। দুই অঙ্কে গেছেন আরো দু'জন - ভুসিমুজি সিবান্দা (১৫) ও টাটেন্ডা টাইবু (১৬)।
জিপি-বিসিবি একাডেমীর দুই অঙ্কে পৌছানো ব্যাটসম্যান আরো কম, মাত্র দু'জন - মার্শাল আইয়ুব (১৮) ও কামরুল ইসলাম (১২)। তাদের মাত্র ২৩.৪ ওভারে অলআউট করে দেওয়া জিম্বাবুয়ের সাফল্যের পেছনেও পেসাররা। এডওয়ার্ড রেইন্সফোর্ড (৩/২৭) ও এলটন চিগুম্বুরা (৩/৭) নিয়েছেন তিনটি করে উইকেট। আর ১৮ রান খরচায় মুপারিওয়ার শিকার ২ উইকেট। দিনশেষে মাসাকাদজার (৫৫*) অপরাজিত ফিফটিতে জিম্বাবুয়ের লিড ১৫৩ রানের। তার সঙ্গে ১৯ রান নিয়ে আছেন টাইবু। এর আগে ৪২ রান করে আউট হয়ে যান স্টুয়ার্ট মাতসিকেনেরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24