২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই লিডকেই যথেষ্ট মনে করেন সামারাবীরা, কিন্তু...

আরেকবার বাংলাদেশকে পাঁচশো রানের টার্গেট দেওয়ার পথে শ্রীলঙ্কা। বাংলাদেশও কী ঢাকা টেস্টের মতো রীতিমতো অসম্ভব এই টার্গেটের পেছনে ছুটে ম্যাচটা জমিয়ে তুলতে পারবে? উত্তরদাতা থিলান সামারাবীরা প্রকারান্তরে 'না'ই করে দিয়েছেন তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে। নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই শ্রীলঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান বিশ্বসেরাদের একজন বলেই মনে করেন মোহাম্মদ আশরাফুলকে, তবে প্রত্যাশানুযায়ী বাংলাদেশ অধিনায়কের ক্যারিয়ার গ্রাফ উর্ধ্বমুখী না হওয়ার কারণটাও জানেন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 03:48 PM

Updated : 26 Apr 2022, 11:23 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আরেকবার বাংলাদেশকে পাঁচশো রানের টার্গেট দেওয়ার পথে শ্রীলঙ্কা। বাংলাদেশও কী ঢাকা টেস্টের মতো রীতিমতো অসম্ভব এই টার্গেটের পেছনে ছুটে ম্যাচটা জমিয়ে তুলতে পারবে? উত্তরদাতা থিলান সামারাবীরা প্রকারান্তরে 'না'ই করে দিয়েছেন তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে। নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই শ্রীলঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান বিশ্বসেরাদের একজন বলেই মনে করেন মোহাম্মদ আশরাফুলকে, তবে প্রত্যাশানুযায়ী বাংলাদেশ অধিনায়কের ক্যারিয়ার গ্রাফ উর্ধ্বমুখী না হওয়ার কারণটাও জানেন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মিন্টু চৌধুরী প্রশ্ন : এই লিড যথেষ্ট কিনা? এখানেই ইনিংস ঘোষণা করে দেবে শ্রীলঙ্কা নাকি দু'জন অপরাজিত ব্যাটসম্যানের সেঞ্চুরির জন্য অপেক্ষা করবে? থিলান সামারাবীরা : আমার তো মনে হয় বেশ ভালো লিডই নিয়ে ফেলেছি আমরা। কারণ এই উইকেটে ব্যাটিং করা কঠিন হয়ে উঠছে। বাউন্সও অসমান হয়ে গেছে। ইনিংস ঘোষণা করা না করার বিষয়টা সকালেই ঠিক হবে। আর দু'জনের সেঞ্চুরির জন্য অপেক্ষা করা হবে কিনা, সেটা তো টিম ম্যানেজমেন্টের ব্যাপার। প্রশ্ন : প্রথম টেস্টে ৫২১ রানের টার্গেট পাওয়া বাংলাদেশ চারশোর বেশি রান তুলেছিল। এটাও নিশ্চয়ই আপনাদের মাথায় থাকবে। সামারাবীরা : এখানকার উইকেট ঢাকার চেয়ে একেবারে আলাদা। এখানে শট খেলা সহজ নয়। ঢাকার সঙ্গে এই উইকেটের মূল পার্থক্য এখানেই। এখানে শুরু থেকে শেষপর্যন্ত সোজা ব্যাটে খেলার বিকল্প নেই। ঢাকার উইকেট দিন দিন ভালো হয়েছে। কিন্তু এখানে বাউন্স অসমান এবং স্লো হচ্ছে। উইকেটের ফাটল বাড়ছে। সুতরাং স্লো বোলারদের বিপক্ষে স্ট্রোক খেলা ভীষণ কঠিনই হওয়ার কথা। প্রশ্ন : তার মানে শেষ দুই দিনে মুত্তিয়া মুরালিধরন ও অজন্তা মেন্ডিসই রাজত্ব করবেন। সামারাবীরা : মুরালি ও মেন্ডিসের বোলিংটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তবে নতুন বলের বোলারদেরও গুরুত্ব কম নয়। দিলহারা (ফার্নান্ডো) ও ভাস (চামিন্ডা) প্রথম ইনিংসে নতুন বলে দুর্দান্ত করেছে। একই কাজ যদি তারা আবারো করতে পারে, তাহলে স্পিনারদের কাজ আরো সহজ হয়ে যাবে। প্রশ্ন : ৪০০ রানের বেশি লিড তবুও ইনিংস ঘোষণা না করার কারণ.... সামারাবীরা : নিরাপদ স্কোর গড়া হয়ে গেছে তবুও আজ আমাদের ইনিংস ঘোষণা না করার কারণ বোলারদের বিশ্রামের প্রয়োজন। তাদের বেশ লম্বা লম্বা স্পেলে বল করতে হচ্ছে। মুরালিই তো এ পর্যন্ত ৭০ ওভার বল করে ফেলেছেন (দুই টেস্টে)। প্রশ্ন : আপনার ক্যাচ ফেলায় বাংলাদেশের ফিল্ডারদের কাছে তো কৃতজ্ঞই হওয়া উচিত, নাকি? সামারাবীরা : (হাসি) ক্যাচ মিস তো খেলারই অংশ। প্রশ্ন : বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের টেম্পারামেন্ট কেমন দেখলেন? সামারাবীরা : আশরাফুলের মাঝে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের একজনকেই দেখি আমি। টেস্ট অভিষেকে দুর্দান্ত একটা সেঞ্চুরি করার সময়ই আমি ওকে দেখেছিলাম। ওর সামর্থ্য নিয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু খুব সম্ভবত আশরাফুলের মনোযোগে সমস্যা আছে। আমি কিন্তু বিশ্বসেরাদের একজন হিসেবেই দেখি ওকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমপি/এমএম/২১৫০ঘ.