২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির ব্যাটিংয়ে ফলো অন এড়ালো বাংলাদেশ

শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে মাশরাফি বিন মর্তুজার দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে ফলো অন এড়িয়েছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কাকে ৩৮৪ রানে অলআউট করে দেওয়ার পর স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে তুলতে পেরেছে ২০৮ রান। প্রথম ইনিংসে পাওয়া ১৭৬ রানের লিডের সঙ্গে দিনশেষে আরো ১৩ রান যোগ করেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। সব মিলিয়ে তারা ১৮৯ রানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 04:13 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে মাশরাফি বিন মর্তুজার দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে ফলো অন এড়িয়েছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কাকে ৩৮৪ রানে অলআউট করে দেওয়ার পর স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে তুলতে পেরেছে ২০৮ রান। প্রথম ইনিংসে পাওয়া ১৭৬ রানের লিডের সঙ্গে দিনশেষে আরো ১৩ রান যোগ করেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। সব মিলিয়ে তারা ১৮৯ রানে এগিয়ে। ১৪৫ রানে নয় উইকেট হারানোর পর শেষ উইকেটে মাশরাফি আর শাহাদাত মিলে যোগ করেছেন ৬৩ রান। এতে শাহাদাতের অবদান মাত্র ৫, তবে মাশরাফিকে দারুণ সঙ্গ দিয়েছেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মাশরাফি করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান। তার ৮৯ বলের ইনিংসটি সাজানো ছিল আটটি বাউন্ডারি আর দুটি ছক্কায়। দুই স্পিনার অজন্তা মেন্ডিস (৪/৭১) আর মুত্তিয়া মুরালিধরন (৩/৬২) মিলেই সর্বনাশটা করেছেন বাংলাদেশের, তবে এর সূচনা করেছিলেন চামিন্ডা ভাস। এই বাঁহাতি পেসারের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে, স্কোরবোর্ড নড়ে ওঠার আগেই উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়েছেন তামিম ইকবাল (০), আর দ্বিতীয় উইকেটে ২৬ রানের জুটি গড়ার পর ভাসেরই বলে এলবিডব্লুর শিকার হয়েছেন ইমরুল কায়েস (৬)। মেন্ডিসের আবির্ভাব এর পরেই। মধ্যাহ্ন বিরতির দশম ওভারে বল হাতে পেয়ে নিজের দ্বিতীয় ওভারেই রাকিবুল হাসানকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তিনি। আর মধ্যাহ্ন বিরতির পর ফিরে পর পর দুবলে তুলে নিয়েছেন মেহরাব হোসেন জুনিয়র (১৮) ও সাকিব আল হাসানের (০) উইকেটদুটি। এলবিডব্লুর শিকার হয়েছেন তারাও। এর মাঝে দিলহারা ফার্নান্দো তুলে নিয়েছেন জুনায়েদ সিদ্দিকীকে (২৮)। সতীর্থদের এই আসা-যাওয়ার মিছিলের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করেছিলেন। কিন্তু সেই আক্রমণ স্থায়ি হয়নি বেশিক্ষণ, পাঁচটি বাউন্ডারি আর একটি ছক্কায় ৪৫ রান করে তিনিও আউট হয়ে গেছেন মুত্তিয়া মুরালিধরনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। ৭ উইকেটে ১৩১ রান নিয়ে চা বিরতিতে যাওয়া বাংলাদেশের ইনিংসের লেজটুকু মুড়ে দিতে শেষ সেশনে খুব বেশি সময় নেননি মেন্ডিস আর মুরালিধরন। শুরুটা মুশফিকুর রহিমকে (২১) দিয়ে। আগের বলেই সৌভাগ্যক্রমে একটা বাউন্ডারি পেয়ে পরের বলেই মেন্ডিসকে ডাউন দ্য উইকেটে আক্রমণ করতে গিয়ে স্টাম্পড হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার। এরপর একবার রানআউট হয়েও আম্পায়ার স্টিভ বাকনরের বদান্যতায় বেঁচে যাওয়া এনামুল হক জুনিয়র (৪) মুরালিধরনের বলে ক্যাচ দিয়েছেন উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনেকে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চার উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। সেই চার উইকেট তুলে নিতে মাত্র ৪ ওভার আর ১৫ মিনিট সময় লেগেছে বাংলাদেশের! এই সাফল্যের নায়ক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা বোলার হয়ে ওঠা সাকিবই, মাশরাফির ভূমিকা পার্শ্বনায়কের। তিন ওভার বোলিং করে মাত্র ১ রান নিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন সাকিব, মাশরাফি পেয়েছেন অন্য উইকেটটি। আউট হওয়া শ্রীলঙ্কার চার ব্যাটসম্যানই হয়েছেন এলডিব্লুর শিকার। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রান দূরে থাকতে দিন শুরু করা চামারা কাপুগেদারাকে দিয়ে শুরু। নিজের দ্বিতীয় আর দিনের তৃতীয় ওভারের শেষ বলে সাকিব তাকে বিদায় করে দেওয়ার পর পরের বলেই চামিন্ডা ভাসকে ফেরান মাশরাফি। আর পরের ওভারের শেষ বলে মুত্তিয়া মুরালিধরন ও দিলহারা ফার্নান্ডোকে আউট করে দিয়েছেন সাকিব। সব মিলিয়ে ১০৯ রানে চার উইকেট তিনি, আর ৫৮ রানে মাশরাফির শিকার তিন উইকেট। সাকিবের এই তাণ্ডবে সেঞ্চুরিটা আর পাওয়া হয়নি কাপুগেদারার, ৯৬ রানে আউট হয়ে গেছেন তিনি। ভাস করেছেন ৩ রান, অজন্তা মেন্ডিস অপরাজিত ছিলেন ৬ রান নিয়ে। মুরালিধরন আর ফার্নান্ডো কোনো রান করতে পারেননি। শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৯৪ ওভারে ৩৮৪/১০ (ওয়ার্নাপুরা ৬৩, প্রসন্ন ০, সাঙ্গাকারা ৫, জয়াবর্ধনে ১১, সামারাবিরা ১৯, দিলশান ১৬২, কাপুগেদারা ৯৬, ভাস ৩, মুরালিধরন ০, মেন্ডিস ৬*, ফার্নান্ডো ০, অতিরিক্ত ১৯; মাশরাফি ৩/৫৮, শাহাদাত ১/৮০, সাকিব ৪/১০৯, এনামুল জুনিয়র ১/৭০, মেহরাব ০/৩৬, আশরাফুল ১/১৯) বাংলাদেশ ১ম ইনিংস : ৭৬.২ ওভারে ২০৮/১০ (তামিম ০, ইমরুল ৬, জুনায়েদ ২৮, রাকিবুল ০, আশরাফুল ৪৫, মেহরাব ১৮, সাকিব ০, মুশফিক ২১, মাশরাফি ৬৩, এনামুল জুনিয়র ৪, শাহাদাত ৫*; ভাস ২/২১, ফার্নান্ডো ১/৪২, মেন্ডিস ৪/৭১, মুরালিধরন ৩/৬২) শ্রীলঙ্কা ২য় ইনিংস : ৫ ওভারে ১৩/০ (ওয়ার্নাপুরা ৯*, প্রসন্ন ৪*; মাশরাফি ০/৫, শাহাদাত ০/৪, সাকিব ০/১, এনামুল ০/৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৩৫ ঘ.