২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার দ্বিতীয় ইনিংস আর চট্টগ্রামের গত টেস্ট স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে

বাংলাদেশ দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ঢাকা টেস্টের শেষ ইনিংস যে আত্মবিশ্বাস জুগিয়েছে সেই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে চট্টগ্রামের দ্বিতীয় টেস্টেও কিছু একটা করে দেখানোর স্বপ্ন তাই পুরো বাংলাদেশ শিবিরে। সেই স্বপ্নটা কি? জয়! ড্র! আশরাফুল অবশ্য সেটা ঠিক নির্দিষ্ট করে বলতে চাননি। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ঢাকা টেস্টের শেষ ইনিংস যে আত্মবিশ্বাস জুগিয়েছে সেই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে চট্টগ্রামের দ্বিতীয় টেস্টেও কিছু একটা করে দেখানোর স্বপ্ন তাই পুরো বাংলাদেশ শিবিরে। সেই স্বপ্নটা কি? জয়! ড্র! আশরাফুল অবশ্য সেটা ঠিক নির্দিষ্ট করে বলতে চাননি। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসজনিত আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বাস আছে আরেকটা। এখানেই নিউজিল্যান্ডের সঙ্গে খেলা শেষ টেস্টটিতে তো প্রায় জিতেই যাচ্ছিল বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার সকালে দুই ঘন্টার প্র্যাকটিস সেশন শেষে আশরাফুল সেটাও মনে করিয়ে দিলেন, ''গত টেস্টের শেষ ইনিংসের পারফরম্যান্সে দলের সবাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তারা এ টেস্টেও ভাল করতে উন্মুখ। এ মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ টেস্টে ভালো খেলাও আমাদের কাছে একটা প্রেরণা।'' সেবার নিউজিল্যান্ড ম্যাচটা বের করে নিয়ে গিয়েছিল তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং সাফল্যে। আর ঢাকা টেস্টেও বাংলাদেশের সাফল্য সেই দ্বিতীয় ইনিংসকেন্দ্রিক। তার মানে সমস্যাটা এখন প্রথম ইনিংসে। আরও অনেকের মতো আশরাফুলও সেরকমই মনে করেন,'' প্রথম ইনিংসে ভালো করতে হবে।'' আর প্রথম ইনিংসে ভালো করার জন্য যে দুটো শর্ত পূরণ হতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সেগুলো হলো, প্রথমত, টপ অর্ডারের দুজন ব্যাটসম্যানকে ভালো করতে হবে। এবং দ্বিতীয়ত, অন্তত চার সেশন ব্যাট করতে হবে। সবাই জানে, বাংলাদেশের যে কোনো ব্যাটিং স্বপ্ন সার্থক করতে হলে আশরাফুলকেই ব্যাট হাতে থাকতে হবে সামনে। এক্ষেত্রে ভয়টা হলো গত টেস্টে তিনি রান করে ফেলেছেন। অভিজ্ঞতায় এটা তো সবাই জানেই আশরাফুলের এক ইনিংস ভালো খেলা মানে পরের কয়েক ইনিংস ব্যর্থ হওয়া। আশরাফুল কিন্তু প্রতিশ্র"তি দেয়ার স্বরে বলছেন, এবার ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এখন শ্রীলঙ্কার বোলিং মানে আর শুধু মুত্তিয়া মুরালিধন নন, অজন্তা মেন্ডিস। গত ম্যাচে ছিলেন মুরালি একা এবং যথারীতি তিনি হন্তারক, এখন চট্টগ্রাম টেস্টে খেলবেন ইনজুরির জন্য ঢাকা টেস্টের পরে এসে যোগ দেয়া অজন্তা মেন্ডিসও। ওদেরকে সামলাতে বাংলাদেশের পরিকল্পনাটা কী? ''এই দুজন টপ ক্লাস বোলারকে মোকাবেলার জন্য আলাদা কৌশলের চেয়ে বল বাই বল খেলার উপরই জোর দেয়া হচ্ছে। আর এখন ব্যাটসম্যানরা মুরালিকে অনেক বেশি রিড করতে পারছে।'' মুরালিকে সামলাতে মুরালির মতো বোলিং এ্যাকশনের স্থানীয় স্পিনার আশরাফুল হোসেন বাবুকে নিয়ে আসা হয়েছিল সকালের সেশনে। আশরাফুল মনে করেন, তাকে আরও আগে পাওয়া গেলে আরও ভালো হতো। শ্রীলঙ্কান দলে মেন্ডিস যোগ হওয়াতে ওদের স্পিন শক্তি বাড়ছে। তেমনি বাংলাদেশ দলও এনামুল জুনিয়রকে দলে নিয়ে স্পিন ডিপার্টমেন্টটা ধারালো করছে। গত ম্যাচের একাদশ থেকে এই একটাই পরিবর্তন, এনামুলকে জায়গা দিতে সরে দাঁড়াতে হচ্ছে পেসার মাহবুবুল আলম রবিনকে। শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে দাঁড়িয়ে একটি ব্যক্তিগত অর্জনের দ্বারপ্রান্তে। এটা তার শততম টেস্ট। একই সঙ্গে আট হাজার রান থেকে মাত্র ৭৪ রান দূরে তিনি। একদিকে শততম টেস্ট, অন্যদিকে আট হাজারী ক্লাবের হাতছানি! তবু মাহেলা জানালেন, ব্যক্তিগত অর্জন বাদ দিয়ে দলের কথাই ভাবছেন তিনি,'' ব্যক্তিগত অর্জনের চেয়ে দলটাই আগে আসবে। শততম টেস্টটাও আমার কাছে তাই অন্য টেস্টগুলোর সমান গুরুত্বই পাবে। আগামী বছর আমাদের অনেক ক্রিকেট খেলতে হবে। তাই বছরের শুরুটা ভালোভাবে করতে চাই। এই টেস্ট সেদিক থেকে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএম/২০৪০ঘ.