সিডনি, ২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার সামনে এখন দুটো অসাধারণ অর্জনের হাতছানি। অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করা এবং প্রায় সোয়া শ' বছর পর ঘরের মাঠে অস্ট্রেলীয়দের হোয়াইটওয়াশের লজ্জা উপহার দেয়া! শনিবার থেকে সিডনিতে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্ট জিতলেই অর্জন দুটো মুঠোবন্দী হয়ে যাবে গ্রায়েম স্মিথের দলের, তারা উঠে যাবে অন্য এক উচ্চতায়।
পার্থে চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করে ৬ উইকেটের অবিশ্বাস্য এবং মেলবোর্নে 'বক্সিং ডে' টেস্টে ৯ উইকেটের সহজ জয় দিয়ে প্রোটিয়ারা এ মুহূর্তে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা দারুণ খুশি। কিন্তু আনন্দে আত্মহারা না হয়ে এখন লক্ষ্যের প্রতি অবিচল স্মিথ, "(পার্থ ও মেলবোর্নে) দুটো জয়েই পরিষ্কার আমাদের মানসিকতা কতখানি দৃঢ়। তবে আমাদের পা মাটিতেই আছে। এখানে (সিডনিতে) ২-০ ব্যবধানে এগিয়ে আসতে পেরে আমরা স্বাভাবিকভাবেই দারুণ আনন্দিত। আমরা এই ম্যাচেও জিততে চাই। ৩-০ তে সিরিজ জয়ের ব্যাপারে আমাদের অনুপ্রেরণার কোনো অভাব নেই। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন সুযোগ বার বার আসে না। আমাদের দল উজ্জীবিত এবং আমার ধারণা প্রত্যেক খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত। ছেলেরা ভালো পারফরম্যান্সের মাধ্যমে আরেকটা জয় পেতে উদগ্রীব।"
দক্ষিণ আফ্রিকার ঠিক বিপরীত অবস্থা অস্ট্রেলিয়ার। একে তো ১৮৮৭-৮৮ মৌসুমের পর নিজেদের আঙ্গিনায় প্রথম কোনো টেস্ট সিরিজে হোয়াইওয়াশ হওয়া এবং র্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া করার আশঙ্কা। তার ওপরে ইনজুরির কারণে সিডনিতে ব্রেট লি ও অ্যান্ড্রু সাইমন্ডসের অনুপস্থিতিতে তারা ভীষণই বেকায়দায়। তারপরও সতীর্থদের অনুপ্রাণিত করার চেষ্টার কমতি নেই রিকি পন্টিংয়ের মধ্যে, "দল হিসাবে আমাদের পথ-চলা ছিল অবিশ্বাস্য। দীর্ঘ সময় আমরা ক্রিকেট-বিশ্বকে শাসন করেছি। আমাদের তাই ইতিবাচক থাকতে হবে। আতঙ্কিত হওয়ার সময় নয় এটা। আমি তো খুবই ইতিবাচক। এবং নিশ্চিত সামনের বছরগুলোতে যে তরুণ খেলোয়াড়রা উঠে আসবে তাদের হাত ধরে আমরা ঘুরে দাঁড়াবোই। আর আবারো বিশ্ব ক্রিকেটকেও শাসন করবো।"
লি-সাইমন্ডস না থাকায় শেষ টেস্টে অভিষিক্ত হতে যাওয়া অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও ডগ বোলিঙ্গারকে অনুপ্রাণিত করার জন্যই সম্ভবত কথাটা বলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে দুজনের পারফরম্যান্সই আশার আলো দেখাচ্ছে তাকে। রাজ্য দল ভিক্টোরিয়ার হয়ে গত দুই মৌসুমে ১,৬১৯ রান করার পাশাপাশি ৫৭টি উইকেট নিয়েছেন ম্যাকডোনাল্ড। আর সিডনিতে নিজের সর্বশেষ ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে ৬ উইকেট পেয়েছেন নিউ সাউথ ওয়েলসের বাঁহাতি সিমার বোলিঙ্গার। এই দুজন সম্পর্কে পন্টিংয়ের প্রত্যাশা তাই একটু বেশিই।
বিবিসির সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪০ঘ.
bdnews24