রাচি, ভারত, ২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিনি ভারত অধিনায়ক বলেই হয়তো ঝাড়খন্ড পুলিশ এতখানি তৎপর। মহেন্দ্র সিং ধোনিকে হুমকি-চিঠি দেয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা।
গত সোমবার ৫০ লাখ রুপি দাবি করে এক ব্যক্তি চিঠি পাঠিয়েছিল রাচিতে থাকা ধোনির পরিবারের কাছে। তার দাবি সে নাকি কুখ্যাত 'গ্যাংস্টার' দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী! দুদিন পর পুলিশকে এ ব্যাপারে কিছু জানালে ধোনির বাসা উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আরেকটা চিঠি আসে।
এরপরই নড়েচড়ে বসে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঝাড়খন্ড রাজ্য পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "ভারতের ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেয়া হুমকি-চিঠির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঐ চিঠি দুটোর সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাত জনেরও বেশি ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩৪ঘ.
bdnews24