২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভারতে সাফল্য পেতে মরিয়া পন্টিং

ভারত সফর মানেই যেন রিকি পন্টিংয়ের ব্যর্থতার গল্প! টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি অন্যতম সফল ব্যাটসম্যান। অথচ ভারতের মাটিতে টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক এখনো পর্যন্ত চরমভাবে ব্যর্থ। তবে এবার ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পন্টিং মরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

হায়দ্রাবাদ, ভারত, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফর মানেই যেন রিকি পন্টিংয়ের ব্যর্থতার গল্প! টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি অন্যতম সফল ব্যাটসম্যান। অথচ ভারতের মাটিতে টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক এখনো পর্যন্ত চরমভাবে ব্যর্থ। তবে এবার ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পন্টিং মরিয়া। টেস্টে যে সাত জন ব্যাটসম্যান দশ হাজার রানের কঠিন লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন তাদের মধ্যে তিনি এক জন। ১১৯ ম্যাচে ৩৫টি সেঞ্চুরিসহ ১০,০৯৯ রান, গড় ৫৮.৩৭ --- টেস্টে পন্টিংয়ের পারফরম্যান্স নিঃসন্দেহে সাফল্যমন্ডিত। কিন্তু সেই সফল ব্যাটসম্যানই ভারতের মাটিতে পুরোপুরি ব্যর্থ। ভারতে আট টেস্টের ১৪ ইনিংসে মাত্র ১২.২৮ গড়ে ১৭২ রান করেছেন তিনি, সেঞ্চুরি পাননি একটিও। তবে আসন্ন চার টেস্টের সিরিজে অতীতের সব ব্যর্থতা মুছে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ অস্ট্রেলিয়ার অধিনায়ক। ২২ সেপ্টেম্বর ভারতে পৌঁছালেও মঙ্গলবারই প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিলেন পন্টিং। সেখানেই প্রতিজ্ঞাটা উচ্চারিত হলো তার কণ্ঠে, "ভারতে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ শূন্যতা আছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কাজেই নিজের সামর্থ্য অনুযায়ী ভালো খেলা নিশ্চিত করার জন্য সামনের দিনগুলোতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি এবার আমি সব কিছু নিজের দিকে টেনে আনতে পারবো। সব কিছুই নির্ভর করছে আমার ওপরে। এবং আমি জানি এখানে সাফল্য পেতে হলে আমাকে কী করতে হবে।" চার বছর আগের ভারত সফরে দীর্ঘ দিনের একটা না পাওয়ার যন্ত্রণা ভুলতে পেরেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ ৩৫ বছর পর সেবারই তারা প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ভারতের মাটিতে। কিন্তু পন্টিংয়ের জন্য ২০০৪ সালের সফরটা ভালো কাটেনি। এবার সেই হতাশাকে ভুলতেও তিনি প্রতিজ্ঞাবদ্ধ, "(২০০৪ সালে) সর্বশেষ সফরে আমরা টেস্ট সিরিজে জিতলেও বুড়ো আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় প্রথম তিন টেস্ট মিস করেছিলাম আমি। শেষ টেস্টে ফিরলেও সেই ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। আশা করি এবার আমার জন্য প্রচুর রান অপেক্ষা করছে।" সেই সফরের চতুর্থ ও শেষ টেস্টটা সত্যিই ভীষণ দুঃখজনক ছিল তার জন্য। মুম্বাইয়ে অনুষ্ঠিত সেই টেস্টের দুই ইনিংসে তিনি করেছিলেন মাত্র ১১ ও ১২ রান, আর তার দল হেরে গিয়েছিল ১৩ রানে। এবারের সফরে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটির জন্য একটা বড় সমস্যা হতে পারে অভিজ্ঞতার অভাব। ওয়ার্ন-ম্যাকগ্রা-গিলক্রিস্ট-ল্যাঙ্গাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ায় অস্ট্রেলিয়া দলে এখন বেশ কয়েকটা নতুন মুখ। এবং সবচেয়ে বড় কথা বর্তমান দলটির পন্টিং, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্ক ও সাইমন ক্যাটিচ ছাড়া আর কারোরই ভারতে টেস্ট খেলার সুযোগ হয়নি। পন্টিং অবশ্য দলের তরুণ সদস্যদের ওপরে পুরোপুরি আস্থাশীল। এবং তার বিশ্বাস এই দলের পক্ষে যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেয়া সম্ভব, "তরুণদের ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ভারতে টেস্ট খেলার মতো যথেষ্ট দক্ষতা তাদের আছে। আমি তো মনে করি গত ১২ মাসে অপেক্ষাকৃত অভিজ্ঞ খেলোয়াড়দের মিস করলেও নিজেদের সেরা ক্রিকেটের মাধ্যমে আমরা প্রত্যেক দলকেই হারিয়েছি।" ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজে ভারতকে হারানো ছাড়াও আরেকটি লক্ষ্য থাকবে পন্টিংদের। সেটা হলো শচীন টেন্ডুলকারকে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে না দেয়া। ব্রায়ান লারার অধিকারে থাকা রেকর্ডটা থেকে আর মাত্র ৭৭ রান দূরে দাঁড়িয়ে 'লিটল জিনিয়াস'। আর সবার মতো পন্টিংও ভালো মতোই জানেন এটা ভেঙ্গে দেয়া টেন্ডুলকারের জন্য শুধুই সময়ের ব্যাপার। কিন্তু এই সিরিজে তা হতে দিতে চান না অস্ট্রেলিয়ার অধিনায়ক। 'এ যুগের ডন'-এর প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেই তিনি বলছেন "তার (টেন্ডুলকারের) বিপক্ষে আমার খুব বেশি সুখদায়ক স্মৃতি নেই। কারণ তার মধ্যে আমাদের সঙ্গে বেশি রান করার একটা প্রবণতা আছে। তার প্রতি আমি শ্রদ্ধাশীল। সে এক জন সত্যিকারের চ্যাম্পিয়ন, সর্বকালের অন্যতম সেরা। এই মাইলফলকে পৌঁছানোটা হবে তার জন্য এক দুর্দান্ত পুরস্কার। কিন্তু আমরা এখানে জিততে এসেছি। এবং আমরা খুব ভালো ভাবে জানি জিততে হলে শুরুতেই তাকে আউট করতে হবে। আমরা এখানে তার জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। আশা করি সেই পরিকল্পনাগুলো সফল হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১০৩ঘ.