২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই মাস আগেই ইংল্যান্ডের ভারত সফরের দল

সিরিজটা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। অথচ প্রায় আড়াই মাস আগেই ভারত সফরের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সোমবার ঘোষিত যে দলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের না থাকাই সবচেয়ে বড় চমক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

লন্ডন, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজটা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। অথচ প্রায় আড়াই মাস আগেই ভারত সফরের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সোমবার ঘোষিত যে দলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের না থাকাই সবচেয়ে বড় চমক। ১৫ সদস্যের দলটিতে রাখা হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অফস্পিনার গ্রায়েম সোয়ানকে। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়েইস শাহ ও উইকেট কিপার ম্যাট প্রায়র। কিন্তু সুযোগ পাননি ভন। সপ্তাহ তিনেক আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও বাজে ফর্মের জন্য তার ওপরে আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। একটি বৃটিশ পত্রিকা জানিয়েছে ফর্ম ফিরে পাওয়ার আশায় ভন নাকি অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে খেলার চিন্তা-ভাবনা করছেন। তার লক্ষ্য আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফেরা। ভারতে মাত্র দুটো টেস্ট খেলবে ইংল্যান্ড। আহমেদাবাদে প্রথম টেস্ট শুরু হবে ১১ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মুম্বাই। টেস্ট অধিনায়ক হিসাবে এটাই হবে কেভিন পিটারসেনের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। এ বছর দক্ষিণ আফ্রিকার সঙ্গে হোম সিরিজের তৃতীয় টেস্টশেষে ভন সরে দাঁড়ানোর পর শেষ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। টেস্ট সিরিজের আগে ভারতে একটি ওয়ানডে সিরিজও খেলবে ইংলিশরা। ৭ ম্যাচের সেই সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর থেকে। এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের নির্বাচকরা। ইংল্যান্ড দল : কেভিন পিটারসেন (অধিনায়ক), অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক, ইয়ান বেল, পল কলিংউড, অ্যান্ড্রু ফ্লিনটফ, ওয়েইস শাহ, ম্যাট প্রায়র, টিম অ্যামব্রোস, গ্রায়েম সোয়ান, স্টুয়ার্ট ব্রড, স্টিভ হার্মিসন, জেমস অ্যান্ডারসন, রায়ান সাইডবটম ও মন্টি পানেসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.