মুম্বাই, ২৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার উপমহাদেশে সফর মানেই বোধহয় বোমা হামলা আর নিরাপত্তাজনিত আতঙ্ক! শনিবার দিল্লীতে আবারো বোমা হামলার পর এমন সন্দেহ উঁকি দিতেই পারে যে কারো মনে। ভারতের সঙ্গে তৃতীয় টেস্টের ভেন্যু দিল্লী বলে অস্ট্রেলীয় দল এ মুহূর্তে বেশি দুশ্চিন্তায়। তবে তাদেরকে আশ্বস্ত করে এই সফরে আরো বেশি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নিরাপত্তাহীনতার আশঙ্কায় গত মার্চে পাকিস্তান সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া। এ মাসে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারেনি অস্ট্রেলিয়াসহ চারটি দেশের আপত্তির কারণে। ভারতে অবশ্য তারা এসেছে, কিন্তু অনেক দ্বিধা আর ভয় নিয়ে। ১৩ সেপ্টেম্বর দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় অন্তত ২০ জনের মৃত্যু সফরটা নিয়ে রীতিমতো আশঙ্কায় ফেলে দিয়েছিল অস্ট্রেলীয়দের। নিরাপত্তাজনিত অনেক পর্যবেক্ষণ আর বিশ্লেষণের পরই ভারতের মাটিতে পা রেখেছে তারা। কিন্তু শনিবার দিল্লীর একটি ব্যস্ত মার্কেটে বোমা বিস্ফোরণে দু জনের নিহত ও ১৮ জনের আহত হওয়ার দুঃখজনক ঘটনা আবার দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রিকি পন্টিংয়ের দলকে।
সেই পরিপ্রেক্ষিতেই পন্টিংয়ের দলকে আবারো আশস্ত করেছেন ভারতের ক্রিকেট কর্মকর্তারা। বিসিসিআই-এর মিডিয়া কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, "অস্ট্রেলীয়দের তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা না করাই উচিৎ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। অস্ট্রেলীয় দলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরালো করা হবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই।"
তবে দরকার না হলেও অস্ট্রেলীয়রা কিছুটা ভয় পাচ্ছে বৈকি! তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে সেই ভয় বোধহয় সঞ্চারিতও হয়েছে। জয়পুরে রাজস্থান ক্রিকেট একাডেমীর সঙ্গে সেই ম্যাচে মাত্র ২১৮ রানে অলআউট হয়ে গেছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটি। সর্বোচ্চ ৭৩ রান এসেছে ওপেনার সাইমন ক্যাটিচের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ শেন ওয়াটসনের সংগ্রহ ৩০ রান। পন্টিংয়ের দলের অল্প রানে গুটিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ৫৮ রানে ৫ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার গজেন্দ্র সিংয়ের। অস্ট্রেলীয় অধিনায়কও তার শিকার। রোববার অমীমাংসিতভাবে শেষ হওয়া দুই দিনের ম্যাচটিতে বোলাররা অবশ্য ভালোই করেছেন। মাত্র ১২২ রানে প্রতিপক্ষকে অলআউট করে দিয়েছেন তারা। ৩টি করে উইকেট নিয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার ডগ বোলিঙ্গার ও অফস্পিনার জেসন ক্রেইজা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫০ঘ.
bdnews24