২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের জন্য টেন্ডুলকার সুস্থ ঘোষিত

কনুইয়ের চোট ক্যারিয়ার জুড়ে শচীন টেন্ডুলকারকে কম যন্ত্রণা দেয়নি। এই চোটের জন্যই সদ্য সমাপ্ত ইরানি কাপে খেলতে পারেননি 'লিটল জিনিয়াস'। ভারতের জন্য সুখবর, টেন্ডুলকার এখন সম্পূর্ণ সুস্থ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তার খেলতে কোনো সমস্যা নেই ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

মুম্বাই, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কনুইয়ের চোট ক্যারিয়ার জুড়ে শচীন টেন্ডুলকারকে কম যন্ত্রণা দেয়নি। এই চোটের জন্যই সদ্য সমাপ্ত ইরানি কাপে খেলতে পারেননি 'লিটল জিনিয়াস'। ভারতের জন্য সুখবর, টেন্ডুলকার এখন সম্পূর্ণ সুস্থ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তার খেলতে কোনো সমস্যা নেই । গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফিল্ডিং করার সময় কনুইয়ে ব্যথা পেয়েছিলেন টেন্ডুলকার। যে কারণে টেস্ট সিরিজশেষে ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারেননি। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দিল্লী ও অবশিষ্ট ভারতের মধ্যে আয়োজিত ইরানি কাপের দলে থাকলেও ঐ চোটের জন্যই শেষ মুহূর্তে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। তখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে না পাওয়ার আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সুস্থ হয়ে উঠেছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, ভারতীয় দলের ফিজিও পল ক্লোজের দেয়া রিপোর্ট অনুযায়ী টেন্ডুলকার এখন পুরোপুরি সুস্থ। জাতীয় ক্রিকেট একাডেমীতে টেন্ডুলকারকে পরীক্ষা করে তাকে ফিট হিসাবে ঘোষণা করেছেন ক্লোজ। টেস্ট সিরিজের জন্য ৩০ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট একাডেমীতে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতেও কোনো সমস্যা নেই তার। ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজটা টেন্ডুলকারের জন্য মহাগুরুত্বপূর্ণ। টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড (১১,৯৫৩) থেকে তিনি আর মাত্র ৭৬ রান দূরে দাঁড়িয়ে। শ্রীলঙ্কায় রেকর্ডটা ভাঙ্গতে ব্যর্থ হলেও ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে সেটা নিজের করে নেয়ার সম্ভাবনাই বেশি টেন্ডুলকারের। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৬ঘ.