করাচি, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক নয়, টুর্নামেন্টটা একেবারেই পাকিস্তানের ঘরোয়া। কিন্তু সেই ঘরোয়া টুর্নামেন্টের জন্যই আন্তর্জাতিক মানের নিরাপত্তার ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পাকিস্তানের জাতীয় টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আয়োজিত হবে কড়া নিরাপত্তার মধ্যে।
নিরাপত্তাহীনতার আশঙ্কায় গত মার্চে পাকিস্তান সফরে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। এ বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিও হতে পারেনি অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশের আপত্তির কারণে। তাদের আশঙ্কা অবশ্য অমূলক নয়। গত কয়েক মাস ধরেই তো পাকিস্তান এক ভীতিকর জনপদ। একের পর এক আত্মঘাতী বোমা হামলায় সেখানকার মানুষ ভীত, সন্ত্রস্ত। গত সপ্তাহে ইসলামাবাদের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেলে ট্রাক বোমা হামলাসহ আরো বেশ কয়েকটি আক্রমণে পিসিবি তাই ভীষণ সতর্ক। সেই সতর্কতারই অংশ হিসাবে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টটির জন্য একেবারে আন্তর্জাতিক মানের নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে তারা।
পিসিবি'র নিরাপত্তা বিষয়ক মহাব্যবস্থাপক কর্নেল জুলফিকার আহমেদের কথায় সেই সতর্কতাই প্রতিফলিত, "পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমরা একটা মিটিং করেছি। সমস্ত প্রবেশ ও বহির্গমন পথে অতিরিক্ত পুলিশ বাহিনী বহাল করা হবে। আর মেটাল ডিটেক্টরও পেরোতে হবে দর্শকদের।" তিনি জানিয়েছেন পাকিস্তানের বর্তমান ভীতিকর পরিস্থিতির জন্যই এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০৪ঘ.
bdnews24