মুম্বাই, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুঃসময়ে অধিনায়ককে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষ্মণদের ভাগ্যবানই বলতে হবে-কারণ দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ভারতের অধিনায়ক অনিল কুম্বলে। শ্রীলঙ্কা সফরের ব্যর্থতার পর সমালোচনার তীর যখন বিদ্ধ করছে ভারতের মিডল অর্ডারের এই চা মহারথীদেক, ঠিক তখনই ভারত-অধিনায়ক বলছেন, আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে কোনো বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই তাদের।
অনেক দিন ধরেই ভারতের ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভ হয়ে ছিলেন এই চারজন। কিন্তু শ্রীলঙ্কা সফরে তাদের নিয়েও টেস্ট দলের ব্যর্থতা আর তাদের ছাড়া তরুণতর ওয়ানডে দলের সাফল্য রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে এই চার মহারথীকে। বরাবরের মতোই কোপটা সবার আগে এসে পড়েছে সৌরভের ওপর। রনজি চ্যাম্পিয়ন দিল্লির বিপক্ষে ইরানি ট্রফির দলে জায়গাই হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও হবে, এমন সম্ভাবনা কম। বৃহস্পতিবার মুম্বাইয়ের মিরর পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি কুম্বলে, তবে কারো নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, " আমাদের ড্রেসিং রুমের দিকে ফিরে তাকালে মনে হয় না, ব্যক্তিগতভাবে কারো ওপর চাপ আছে। যাদের কথা বলা হচ্ছে তারা সবাই অভিজ্ঞ খেলোয়াড়, পুরো ক্যারিয়ারেই ভালো খেলার জন্য চাপ ছিল তাদের ওপর, আর সেই চাপ দারুণভাবেই সামাল দিয়েছেন তারা।"
শ্রীলঙ্কা সফরের ব্যর্থতাকে ভুলে যেতেই চান তিনি, "শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এরা সবাই এখন অস্ট্রেলিয়ার সঙ্গে হিসাব চুকানোর জন্য মুখিয়ে আছেন।"
দেশের মাটিতে ভারতের সাফল্যের পেছনে যে এই ব্যাটসম্যানদেরই অবদান ছিল বেশি, সেটা মনে করিয়ে দিতেও ভোলেননি তিনি, "যখন আমরা দেশে কোনো সিরিজ জিতেছি, ব্যাটসম্যানরা রান করেছেন বলেই সেটা সম্ভব হয়েছে।"
সেই সব জয়ে কুম্বলের নিজের অবদানও কম ছিল না, ভারতের স্পিন বোলিংয়ের দায়িত্বটা অনেকদিন ধরেই তার কাঁধে। যদিও এবার প্রশ্ন উঠেছে তার ফর্ম নিয়েও, কিন্তু সে সব ভুলে কুম্বলে মনোযোগ দিতে চাইছেন আসন্ন সিরিজে নিজেদের সেরা খেলাটা তুলে ধরার দিকে। "স্পিন বোলিং আমাদের জন্য একটা বড় শক্তি, আর আমরা আমাদের নিজেদের শক্তির ওপরেই জোর দিচ্ছি। আশা করি মাঠে এই শক্তি অনুযায়ীই পারফর্ম করতে পারবো আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৩৪ ঘ.
bdnews24