২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বাধীনতা' হারালো পিসিবি

জন্মলগ্ন থেকেই তারা ছিল 'স্বাধীন', কিন্তু এবার সেই স্বাধীনতা আর থাকছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির। সোমবার পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থাটির কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

করাচি, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জন্মলগ্ন থেকেই তারা ছিল 'স্বাধীন', কিন্তু এবার সেই স্বাধীনতা আর থাকছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির। সোমবার পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থাটির কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে। মঙ্গলবার পিসিবি-ই জানিয়েছে, বোর্ডের গঠনতন্ত্র সংশোধন করে সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মন্ত্রণালয়। ওই আদেশ অনুযায়ী এখন থেকে বোর্ডের প্রশাসনিক ও অর্থনৈতিক বিষয়গুলো দেখাশোনা করবে মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী নজমুদ্দিন খান মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গত মাসে নাসিম আশরাফের পদত্যাগের পর থেকে কোনো চেয়ারম্যান ছাড়া চলছিল পিসিবির কর্মকাণ্ড। সে কারণেই তার মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটিকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে সঙ্গে তিনি এ কথাও বলেছেন, "পাকিস্তানের অন্য সব ক্রীড়া ফেডারেশনই আমাদের অধীনস্ত, আর আমরা চাই ক্রিকেট প্রশাসনেও একটা স্বচ্ছতা আনতে, কারণ জনগণ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন।" পাকিস্তানের সবচেয়ে বিত্তশালী ক্রীড়া ফেডারেশন পিসিবির জন্ম ১৯৪৮ সালে। তখন অবশ্য এর নাম ছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন পাকিস্তান, সংক্ষেপে বিসিসিপি। নব্বইয়ের দশকে নামটা বদলে করা হয়েছে পিসিবি, কিন্তু জন্ম লগ্ন থেকেই স্বাধীন ও স্বায়ত্ত্বশাসিত একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল তারা। গঠনতন্ত্র অনুযায়ী সে দেশের প্রেসিডেন্ট বোর্ডের প্রধান উপদেষ্টা, আর নির্বাহী আদেশবলে বোর্ডের সভাপতি নিয়োগ করে থাকেন তিনিই। ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। তবে পিসিবির কর্মকর্তারা মনে করছেন, এর ফলে পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের চরিত্রটাই বদলে যেতে পারে। "এই প্রথম ক্রিকেট বিষয়ে নিজেদের সম্পৃক্ত করলো ক্রীড়া মন্ত্রণালয়, আর এর ফলে যে ভাবে এ দেশের ক্রিকেট পরিচালিত হচ্ছে, সেই গতিপথটাই পাল্টে যেতে পারে পুরোপুরি'