মুম্বাই, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বর্তমান দলটির খুব বেশি ক্রিকেটারের নেই। কিন্তু তাদের সহকারী কোচ গ্রেগ চ্যাপেল ভারতের কন্ডিশন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ। দু বছর ভারতের কোচের দায়িত্ব পালন করা গ্রেগ চ্যাপেলের দিকে তাই অধীর আগ্রহে তাকিয়ে রিকি পন্টিংয়ের দল। চার টেস্টের সিরিজে তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথাই জানালেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি।
ব্যাঙ্গালোরে আগামী ৯ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরু হলেও বেশ আগেই অর্থাৎ গত সোমবার ভারতের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া দল। জয়পুরে রাজস্থান ক্রিকেট একাডেমীতে এক সপ্তাহ কাটানোর জন্য এত আগে চলে এসেছে তারা। আগামী শনিবার জয়পুরেই একটি দুই দিনের ম্যাচ দিয়ে শুরু হবে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটির কঠিন ভারত সফর। যে সফরে গ্রেগ চ্যাপেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সাফল্য পেতে চাইছে। বুধবার এক সংবাদ সম্মেলনে চ্যাপেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সে কথাটাই পরোক্ষে জানালেন ব্রেট লি, "তিনি (গ্রেগ চ্যাপেল) দারুণ অভিজ্ঞ এবং তার ব্যক্তিগত রেকর্ডও দুর্দান্ত। বলা যায় তিনি অদ্বিতীয়। (এই সফরে) আমরা তার দিকেই তাকিয়ে আছি। আমাদের দলে তিনি এক জন গুরুত্বপূর্ণ সদস্য।"
ভারতে ঠিক আগের সফরটা অবশ্য সাফল্যমন্ডিত ছিল অস্ট্রেলিয়ার জন্য। ভারতের মাটিতে ৩৫ বছরের খরা কাটিয়ে ২০০৪ সালে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল তারা। সেই দলের শুধু পন্টিং, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্ক ও সাইমন ক্যাটিচেরই শুধু ভারতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। এমনকি ব্রেট লি'রও তা নেই! চার বছর আগে ইনজুরির জন্য তিনি আসতে পারেননি। আর ২০০১এ এলেও সুযোগ পাননি প্রথম একাদশে।
এবার তাই এই গতি-তারকার সামনে কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার জন্যও চ্যালেঞ্জটা কম কঠিন নয়। ওয়ার্ন-ম্যাকগ্রা-গিলক্রিস্ট-ল্যাঙ্গার-মার্টিনরা অবসর নেয়ায় অস্ট্রেলীয় দলে এখন নতুন মুখের ছড়াছড়ি। অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারদের সামনে তাই অগ্নিপরীক্ষা। ব্রেট লি অবশ্য মনে করছেন অভিষেকটা ভারতের মাটিতে হলেই সবচেয়ে ভালো, "তরুণ খেলোয়াড়দের তো কোনো না কোনো জায়গা থেকে শুরু করতেই হতো। আর ভারতে খেলার মতো ভালো জায়গা ও ভালো সুযোগ আর কী হতে পারে!"
যদিও সিরিজটা যে তাদের জন্য ভীষণ কঠিন হতে যাচ্ছে সেটা স্বীকার করতেও তার দ্বিধা নেই। সেই সঙ্গে এই কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের অধীরতার কথাও বললেন ব্রেট লি, "এখানে (ভারতে) ক্রিকেট খেলা যথেষ্ট পরিশ্রমসাধ্য কাজ। তাই পরিকল্পনা অনুযায়ী খেলাটা নিশ্চিত করতে হবে আমাদের। আমরা সিরিজটার দিকে এবং অবশ্যই চ্যালেঞ্জটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৭ঘ.
bdnews24