২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এর ১০ কোটি রুপির প্রস্তাবেও মাশরাফির 'না'

আইসিএলের প্রস্তাব পেয়ে দ্বিতীয়বার না ভেবেই ফিরিয়ে দিয়েছেন, বুকে হাত দিয়ে এটা ঘোষণা করার সাহস দেখাচ্ছিলেন না কেউই। আবার বিদ্রোহীদের তরফ থেকেও জানানো হচ্ছিল- এখন অনেকেই পতাকার জন্য খেলার কথা বলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইসিএলের প্রস্তাব পেয়ে দ্বিতীয়বার না ভেবেই ফিরিয়ে দিয়েছেন, বুকে হাত দিয়ে এটা ঘোষণা করার সাহস দেখাচ্ছিলেন না কেউই। আবার বিদ্রোহীদের তরফ থেকেও জানানো হচ্ছিল- এখন অনেকেই পতাকার জন্য খেলার কথা বলছেন। তবে এখনকার জাতীয় দলের অনেকেই নাকি আইসিএলে খেলার বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছিলেন। অবশ্য ব্যতিক্রমও যে কেউ কেউ ছিলেন না, তাও অস্বীকার করেননি বিদ্রোহীরা। সেই ব্যতিক্রমটি হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। যাকে কিছূতেই রাজি করাতে পারেনি আইসিএল কর্তৃপক্ষ। ১০ কোটি রুপির চোখ-ধাঁধানো প্রস্তাব নিয়ে বারবারই তার দরজায় টোকা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ দলের সহ-অধিনায়ক প্রতিবারই নিরাশ করেছেন প্রস্তাবকদের। আইসিএলের জন্য ঢাকার একটা দল গড়ার প্রস্তাব প্রথম আসে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কাছে। শেষপর্যন্ত তিনি সেখানে যোগ না দিলেও তাকে নিয়ে বিতর্ক আছে। বিদ্রোহী ক্রিকেট লিগে খেলার বিষয়ে সতীর্থদের উৎসাহিত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আশরাফুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও মাশরাফি তেমন কিছুর অবকাশই রাখেননি। শুরু থেকেই যে তিনি 'না' বলে এসেছেন। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে মিডিয়াকে অন্য যে কারো চেয়ে লোভনীয় অঙ্কের প্রস্তাবের কথা জানিয়েছেন বাংলাদেশের মূল স্ট্রাইক বোলার। মাশরাফির এই ঘোষণা যে বাগাড়ম্বর নয় সেটা নিশ্চিত করেছেন আইসিএল-এ যোগ দেয়া একজন ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন,''এখন অনেকেই দেশ এবং পতাকার কথা বলছেন। কিন্তু তাদের অনেকেই আমাদের সঙ্গে ছিলেন। পরে টাকা-পয়সা চাহিদামতো না পাওয়ায় কিংবা অন্য কোনো কারণে তারা সরে দাঁড়ান। ব্যতিক্রম শুধু একজন। মাশরাফি। তিনি প্রথমে শুনেই সরাসরি প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, আমি এসবে নেই।'' অস্ট্রেলিয়া সফরের আগেই আইসিএলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। এই ঘটনার পূর্বাপর জানাতে গিয়ে মাশরাফি বললেন, "গত মাসে অস্ট্রেলিয়া সফরের আগে তারা আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছিল। আমাকে একটা দল গড়তে বলা হচ্ছিল। কিন্তু আমি বিন্দুমাত্র আগ্রহ দেখাইনি।" অথচ আর্থিক প্রস্তাবটা ছিল অবিশ্বাস্য অঙ্কের, "প্রথমে আট কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়। পরে সেটা বেড়ে ১০ কোটি রুপিতে যায়।" কিন্তু এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতেও সাহস লাগে। মাশরাফির এই সাহসের উৎস, "সত্যি বলছি, এই প্রস্তাব লুফে নেওয়ার বিষয়ে মন থেকে একদমই সায় পাইনি। তাছাড়া আমি আইসিএলে গেলে পরিবারের কেউই আমার সঙ্গে কথাও বলতো না।" কিন্তু জীবনের জন্য টাকাটাও তো খুব জরুরী। এটাও কী তার ভাবনায় আসেনি? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের জবাব, "আমি অবশ্যই টাকার জন্য খেলি। পাশাপাশি দেশের জন্য খেলাও খুব গুরুত্বপূর্ণ। তবে দেশই সবার আগে থাকা উচিত বলে আমি মনে করি।" আইসিএলের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর বোর্ডকে তা না জানানোর কারণ,"আসলে আমি কাউকে জানানোর প্রয়োজন অনুভব করিনি। কারণ আমি নিজেই তো আগ্রহী ছিলাম না।" আইসিএলে যারা চলে গেছেন, তাদের কারো কারো এখনো দেশকে অনেক কিছূ দেওয়ার আছে বলে মনে করেন মাশরাফি। এজন্যই তাদের প্রতি আহবানও থাকছে 'নড়াইল এক্সপ্রেস' এর, "দেশের এখনো যাদের প্রয়োজন তারা ইচ্ছে করলে এখনো ফিরে আসতে পারেন।" কিন্তু তাদের অনেকেই তো জাতীয় দলে জায়গা অনিশ্চিত হয়ে পড়ার ক্ষোভে আইসিএলে চলে গেছেন। তাদের উদ্দেশ্যে মাশরাফির একটাই বক্তব্য, "নিজের আত্মবিশ্বাস থাকলে পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে অবশ্যই ফিরে আসা যায়।" অবশ্য যারা চলে গেছেন তাদের নিয়ে ভাবনায় বুঁদ হয়ে থাকারও পক্ষপাতী নন মাশরাফি। তার পরিষ্কার কথা, "যারা গেছেন তারা নিজেদের সিদ্ধান্তেই গেছেন। সুতরাং এখন যারা আছে তাদের নিয়েই ভাবা উচিত আমাদের। ধরুন আমি না থাকলে আমার জায়গা তো খালি থাকবে না। কেউ না কেউ আসবে। তাই যারা আছে তাদের নিয়েই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমপি/এমএম/১৯৫০ঘ.