ঢাকা, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- 'আইসিএল ঝড়' পরবর্তী বাংলাদেশ দলের প্রথম অনুশীলনে ক্রিকেটারদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার চিন্তা এসেছিল বোর্ড কর্মকর্তাদের মাথায়। এ কারণেই সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের গায়ে চিরাচরিত হাতাকাটা পোশাক উঠলো না। তারা পরলেন বুকে জাতীয় পতাকার লাল বৃত্তখচিত সবুজ টি-শার্ট। যার পেছনে ইংরেজি ও বাংলায় লেখা 'বাংলাদেশ'। এই পোশাক ক্রিকেটারদের দেশপ্রেম কতোটা জাগ্রত করলো, তা জানার উপায় একদমই ছিল না। মিডিয়ার সামনে যে একই পোশাকে কথা বলতে আসলেন একজন ভিনদেশী, জেমি সিডন্স।
এই অস্ট্রেলিয়ান কোচ ছাড়া এদিন জাতীয় দলের আর সবার মুখেই তালা লাগিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিএল বিতর্কের শুরু থেকে প্রায় শেষপর্যন্ত জড়িত থাকার অভিযোগ আছে মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে। এদিন ভোরে দেশে ফিরেই প্র্যাকটিসে যোগ দেওয়া অধিনায়ককে মিডিয়ার ধরাছোঁয়ার বাইরে রাখার চেষ্টাই তাই খুব স্বাভাবিক। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, আশরাফুলের সঙ্গে আগে কথা বলবে বোর্ড। এরপরই তিনি মিডিয়ার সামনে আসবেন। তবে এদিন অন্যদেরও কথা বলতে না দেওয়ায় পরিষ্কার আইসিএল বিতর্ক পেছনে ফেলতে কতোটা মরিয়া বিসিবি।
তবে জেমি সিডন্স আশ্বস্ত করলেন - হাবিবুল বাশার, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, ফরহাদ রেজা, ধীমান ঘোষ ও মোশাররফ হোসেন রুবেলরা আইসিএলে চলে গেলেও তাদের ছাড়াই যে দলটা হয়েছে সেটাও 'যথেষ্ট ভালো'। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ উঠতেই বললেন, "আমি শিহরিত। অবশ্য কিছু খেলোয়াড় চলে যাওয়ার হতাশাও আছে। কিন্তু যারা এসেছে তাদের দিকেই এখন তাকাতে হবে। আমরা শক্তিশালী একটা দল গড়েছি বলেই মনে হয় আমার। আশা করছি নিউজিল্যান্ডকে হারানোর মতো যথেষ্ট ভালো দলই এটা।"
অবশ্য দলের 'কম্পোজিশন' ঠিক করতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি, "চুক্তিতে থাকা কিছু ক্রিকেটারকে হারিয়েছি আমরা। এই জায়গাগুলো ভরাট করতে কিছুটা সময় তো লাগবেই।" তারওপর তার দুঃশ্চিন্তা হয়ে আছেন পারফরম্যান্স বিবেচনায় দলের সেরা ব্যাটসম্যান রকিবুল হাসান, "সবচেয়ে বেশি দুঃশ্চিন্তা হচ্ছে রকিবুলকে নিয়ে। এই মুহূর্তে ও-ই আমাদের সেরা খেলোয়াড় এবং এখন সে ইনজুরিতে।"
দল বিষয়ক কথাবার্তার আগে-পরে আইসিএল বিতর্ক নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হল এই অস্ট্রেলিয়ান কোচকে। স্বীকার করেছেন, অস্ট্রেলিয়া সফরের সময়ই এরকম কিছু একটা আঁচ করতে পেরেছিলেন তিনি এবং সঙ্গে সঙ্গেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুকে ই-মেইল করে সব জানিয়েছিলেনও। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে আইসিএলের প্রভাবকেও উঁড়িয়ে দিতে পারলেন না তিনি, "যদি খেলোয়াড়রা এটা নিয়ে ভেবে থাকে এবং ওদের কাছে অর্থনৈতিক কোনো প্রস্তাব তাদের থেকে থাকে, তাহলে তো প্রভাব পড়তে বাধ্য। কিন্তু এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না। কারণ অস্ট্রেলিয়া যতোটা ভালো খেলেছে আমরা খেলেছি ততোটাই খারাপ। বোলিংটা যদিও আমরা ভালো করেছি। তবে খেলার ওপর সব খেলোয়াড়ের শতভাগ মনোযোগ ছিল বলে মনে হয়নি আমার।"
আইসিএলে চলে গিয়ে ক্রিকেটাররা চুক্তি ভঙ্গ করেছেন বলে অবশ্য মনে করেন না সিডন্স, "আমার কাছে সবসময়ই তো প্রস্তাব আসে। আমি কথা বলি এবং বাতিল করে দিই। খেলোয়াড়রাও তো আলাদা কেউ নয়। প্রত্যেকেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। দুর্ভাগ্যজনক যে আমাদের ছেলেরা আইসিএলে যাওয়াকেই বেছে নিয়েছে।" অস্ট্রেলিয়ায় আশরাফুলকে অধিনাযকত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখানে এসে সিডন্স উল্টো সুর ধরেছেন, "আমার মনে হয় না আশরাফুলের বিশ্রাম প্রয়োজন আছে। ও বেশ ঝরঝরে হয়েই ফিরেছে। আমি এখনো ওর সেরাটা দেখার আশায় আছি। যখন ও ভালো খেলবে তখন আমাদের দলটাকে অনেক ভালো দেখাবে।"
আইসিএল বিতর্কের পেছনে থেকে আশরাফুল কলকাঠি নেড়েছেন বলেও মনে করেন না তিনি, "অ্যাশকে যথেষ্ট সৎ বলেই মনে করি আমি। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই ও অন্যদের এটা জানিয়েছে এবং খোলামেলা আলোচনা করেছে। ও সঠিক সিদ্ধান্তই নিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.
bdnews24