সিডনি, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুদলের মধ্যকার সর্বশেষ সিরিজটা ছিল উত্তেজনায় ঠাসা। মাঠে, নয় মাঠের বাইরেই সেই উত্তেজনা ছড়িয়েছিল বেশি করে। তবে ভারত সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং আশা প্রকাশ করেছেন, আসন্ন সিরিজটায় থাকবে না ওই সব বিতর্কের ছায়া। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সত্যিকারের ক্রিকেট-লড়াই-ই দেখা যাবে এই সিরিজে।
চার টেস্টের একটি সিরিজ খেলতে রোববার সিডনি ছেড়েছে পন্টিংয়ের দল। সোমবারই তাদের পৌঁছানোর কথা ভারতে।
গত মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় পরিবেশটা ছিল আক্ষরিক অর্থেই উত্তপ্ত। ভারতের অফ স্পিনার হরভজন সিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দলের একমাত্র অশ্বেতাঙ্গ ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সফর বাতিল করার সিদ্ধান্তই নিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত আইসিসির হস্তক্ষেপে একটা মীমাংসা হয়। হরভজনের শাস্তি কমানোর পাশাপাশি ওই অভিযোগ উত্থাপনকারী আম্পায়ার স্টিভ বাকনরকেও সরিয়ে নেওয়া হয় সিরিজ থেকে।
তবে আসন্ন সিরিজে ওই ঘটনার ছায়া থাকবে না বলেই আশা করছেন পন্টিং। "ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দারুণ একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা আছে। বিশেষ করে সর্বশেষ কয়েকটি টেস্ট সিরিজে তো দুর্দান্ত লড়াই হয়েছে। আশা করি এই সিরিজটাও সে রকমই অসাধারণ হবে, আর খেলা হবে সত্যিকারের ক্রিকেটীয় মনোভাব নিয়েই"
bdnews24