ব্রিসবেন, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া দল যখন ভারতের পথে তখন অ্যান্ড্রু সাইমন্ডস ক্লাব ক্রিকেটে খেলতে ব্যস্ত! সোমবার ব্রিসবেনের গ্রেড প্রতিযোগিতার প্রথম রাউন্ডে গোল্ড কোস্ট ক্লাবের হয়ে সাইমন্ডস অবশ্য মাঠে তেমন ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি। তবে পারফরম্যান্স যেমনই হোক, শেষ পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেই তিনি খুশি।
খুশি না হয়ে উপায়ই বা কী! বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে মাছ ধরতে গিয়ে টিম মিটিং মিস করার পর থেকেই তো তার দুর্দশার শুরু। ঐ সিরিজে বাদ তো পড়েছেনই, ভারত সফরের দলেও তাকে রাখেননি অস্ট্রেলিয়ার নির্বাচকরা। সাইমন্ডসের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ এমন গুঞ্জনও শোনা গেছে এর পর। তিনি নিজে অবশ্য জাতীয় দলে ফিরতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে রাজ্য দল কুইন্সল্যান্ডের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন গত সপ্তাহ থেকে।
বিতর্ককে পেছনে ফেলে প্রায় দু বছর পর প্রথম ক্লাব ক্রিকেটে খেলা সাইমন্ডস ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। ৫২ ম্যাচে ৩০ রান করে স্লিপে ক্যাচ দিয়েছেন সাবেক টেস্ট ব্যাটসম্যান মার্টিন লাভকে। বোলিংয়ে অবশ্য খারাপ করেননি। ৮.১ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। সব মিলিয়ে নিজের পারফরম্যান্সে সাইমন্ডস সন্তুষ্ট, "তেমন খারাপ হয়তো খেলিনি। তবে আমি নিশ্চিত, আগামীতে আরো ভালো করবো। আসলে মাঠে নামতে পারাই দারুণ ব্যাপার। এ সপ্তাহে বুলসের (কুইন্সল্যান্ডের) প্র্যাকটিসে ফিরে যাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।"
সাইমন্ডসের এখন লক্ষ্য ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্লার্স্ট ক্লাস টুর্নামেন্টে খেলা। অবশ্য তার আগেই আগামী সপ্তাহে কুইন্সল্যান্ডের জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। ঘরোয়া মৌসুমের প্রস্তুতি হিসাবে ভারতের আইপিএল-এর দল কলকার্তা নাইট রাইডার্সের সঙ্গে একটি টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ খেলবে কুইন্সল্যান্ড। এই সিরিজে সাইমন্ডসের খেলার সম্ভাবনা আছে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০৫ঘ.
bdnews24