ঢাকা, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শনিবার গভীর রাতে ছুটি কাটিয়ে নিজ দেশ অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরার কথা জেমি সিডন্সের। ফিরেই রোববার দুপুরে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও নির্বাচকদের সঙ্গে সভায় বসছেন বাংলাদেশ দলের কোচ। উদ্দেশ্য আইসিএল-ঝড় পরবর্তী নতুন এক বাংলাদেশ দল গড়ার। ৩০ সেপ্টেম্বর চলে আসছে নিউজিল্যান্ড। তার আগে ২৫-৩০ জনের একটা দল গড়তে বসছেন তারা। এখান থেকেই হবে কিউইদের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচের দল।
প্রস্তুতি ম্যাচ আসলে হওয়ার কথা ছিল একটাই। কিন্তু নিউজিল্যান্ড পাঁচ দিন আগেই চলে আসছে। এ কারণে ৭ অক্টোবরের আগে ৪ অক্টোবরও আরেকটা প্রস্তুতি ম্যাচ সূচীতে যোগ হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। ম্যাচ দুটো হওয়ার কথা বিকেএসপি এবং ফতুল্লায়। অবশ্য ফতুল্লায় যাওয়া-আসার পথে যানজটের ধকলের কথা মাথায় রেখে বিকল্প ভাবনাও আছে। লিপু জানিয়েছেন, "প্রথমে আমরা ২৫-৩০ জনের একটা দল দেব। এখান থেকেই নিউজিল্যান্ড সিরিজের দল গড়া হবে।"
দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজের দলে নিঃসন্দেহে কিছু নতুন মুখ দেখা যাবে। এদের মধ্যে নাঈম ইসলাম ও শামসুর রহমান শুভ'র নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। অবশ্য আইসিএলগামী ক্রিকেটারদের জন্য জাতীয় দলে হঠাৎ করে অভিজ্ঞতার ঘাটতিও পড়ে গেছে কিছুটা। সেটা পূরণের চিন্তাও আছে নির্বাচকদের। প্রধান নির্বাচক রফিকুল আলম বলেছেন সেকথাই, "শুধু তরুণদের দিয়েই তো আর সব হবে না। অভিজ্ঞদের কথাও ভাবতে হবে।"
অভিজ্ঞতার জন্য টেস্ট দলের বিবেচনায় চলে আসছেন জাভেদ ওমর বেলিম। সেই সঙ্গে অনেকদিন দলের বাইরে থাকা রাজিন সালেহ এবং তুষার ইমরানের নামও নির্বাচকদের কলমে উঠে আসার কথা। অবশ্য এদের ব্যাপারে কোচ জেমি সিডন্সের মতামত নেওয়ারও অপেক্ষায় আছেন তারা। কোচ যেদিন নির্বাচকদের সঙ্গে বসছেন, সেদিনই ইংল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। একই দিন ফিজিও ড্যারেন লিফসনও ফিরছেন তার নিজ দেশ দক্ষিণ আফ্রিকা থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪৫ঘ.
bdnews24